খাগড়াছড়ির পানছড়িতে পারিবারিক কলহের জেরে স্ত্রী, শ্বশুর ও শাশুড়িকে কুপিয়েছে তপন জ্যোতি ত্রিপুরা (২২) নামের এক তরুণ। আহত ব্যক্তিদের খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করার পর শ্বশুরকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। গত মঙ্গলবার রাতে পানছড়ির হেলাদুলাপাড়ায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ওই যুবক পলাতক।
এলাকাবাসী সূত্রে জানা যায়, স্ত্রী ধানু রানী ত্রিপুরার (২০) সঙ্গে দীর্ঘদিন ধরে তপন জ্যোতি ত্রিপুরার পারিবারিক কলহ চলে আসছিল। কহলের জেরে মঙ্গলবার রাতে শ্বশুরবাড়িতে কথা-কাটাকাটির একপর্যায়ে তপন জ্যোতি ত্রিপুরা স্ত্রী ধানু রানী ত্রিপুরা, শ্বশুর মশারা ত্রিপুরা (৫০) ও শাশুড়ি সুমালা ত্রিপুরাকে (৪০) ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসে।
