শ্রীলঙ্কায় ইস্টার সানডে চলাকালীন ভয়াবহ আত্মঘাতী হামলার সঙ্গে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ভারতের এন্টি-টেরোরিজম বাহিনী। তার সঙ্গে আটক করা হয়েছে আরও ৫ ব্যক্তিকে।
বিবিসি জানায়, গ্রেপ্তারকৃত মোহাম্মদ আজহার উদ্দিন (৩২) শ্রীলঙ্কার হামলার মূল হোতা জাহরান হাশিমের ফেসবুক বন্ধু। তিনি দক্ষিণ ভারতের আইএস শাখার সঙ্গে যুক্ত বলে দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ।
ভারতের তদন্তকারী সংস্থা এনআইএ জানায়, অভিযানে আরও পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মে মাসের শেষের দিকে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। তামিলনাড়ুতে একাধিক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
গত ২১ এপ্রিল দেশটির খ্রিস্টান ধর্মাবলম্বীদের ওপর আত্মঘাতী এক সন্ত্রাসী হামলায় নিহত হন ২৫৩ জন মানুষ। আহত হন আরও ৫০০ জন।
এদিন তিনটি গির্জা এবং তিনটি হোটেলে এক যোগে মোট ছয়টি বিস্ফোরণ ঘটে। একইদিন আরও দুই জায়গায় হামলার ঘটনা ঘটে।
জাহরান শ্রীলঙ্কার আঞ্চলিক ইসলামিক সংগঠন ন্যাশনাল তাওহিদ জামায়াতের (এনটিজে) নেতা। সংগঠনটি মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের শ্রীলঙ্কার শাখা। ঘটনার পর জাহরানসহ হামলাকারী আত্মঘাতি জঙ্গিদের ছবি প্রকাশ করে হামলার দায় স্বীকার করে আইএস।
