ভারতে এক বছর কারাভোগের পর ৫ বাংলাদেশি কিশোর কিশোরীকে শনিবার রাতে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে হস্তান্তর করেছে বিএসএফ।
ফেরত আসাদের মধ্যে ৪ কিশোর ও ১ কিশোরী রয়েছে।
ভারতের পেট্রাপোল বিএসএফ ক্যাম্প কমান্ডার এসআই কাপুর ডাং তাদের বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার আতিয়ার রহমানের হাতে তুলে দেয়।
ফেরত আসা বাংলাদেশি কিশোররা হচ্ছে সাতক্ষীরার আবু রায়হান (১৬), যশোরের শার্শার আপন (১৪), চাপাই নবাবগঞ্জের সেলিম (১৫), নড়াইলের রাব্বী (১৪) ও কিশোরী ঝিনাইদহের শাহানা খাতুন(১৫)।
আইসিপি ক্যাম্পের সুবেদার বাকিবিল্লাহ জানান, ভালো কাজের আশায় দেড় বছর আগে এসব বাংলাদেশি কিশোর-কিশোরী দালালের খপ্পরে পড়ে সীমান্ত পথে ভারতে যায়। এ সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের কলকাতা শহর থেকে আটক করে। পরে তাদের ১ বছর সাজা হয়।
সাজার মেয়াদ শেষে কলকাতার বারসাত কিশোরালায়ে নামে একটি শেল্টার হোম তাদের ছাড়িয়ে নিজেদের আশ্রয়ে রাখে। পরে দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে তাদের দেশে ফেরার ব্যবস্থা করা হয়।
বিজিবি ক্যাম্পের আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে বেনাপোল পোর্টথানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
