নারী নির্যাতন উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা: আইনমন্ত্রী

আপডেট : ১৭ জুন ২০১৯, ১২:৩৪ এএম

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, নারীর মর্যাদা ও অধিকার রক্ষায় বাংলাদেশের সংবিধান পুরুষের সাথে নারীর সমঅধিকার প্রদান করলেও জীবনের প্রতিটি ক্ষেত্রে পিছিয়ে পড়া নারীরা প্রায় প্রতিনিয়ত পারিবারিক ও সামাজিকভাবে বঞ্চনা ও নির্যাতনের শিকার হন। এই নারী নির্যাতন আমাদের কাঙ্ক্ষিত জাতীয় উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা। তাই প্রথমবার সরকার গঠন করেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী ও শিশু নির্যাতন দমন আইনের আধুনিকায়ন করেন।

রবিবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটরদের বিশেষ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। প্রশিক্ষণে ৪৪ জন প্রোসিকিউটর অংশ নেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা জট কমেছে জানিয়ে মন্ত্রী বলেন, খুশির খবর হলো, বিগত এক বছরে ট্রাইব্যুনালগুলোতে মামলা জট তৈরি হয়নি, বরং বিচারাধীন ১,৮৩১টি মামলা কমেছে। গত দুই বছরের মামলার পরিসংখ্যান অনুযায়ী, ২০১৮ সালের মার্চ মাসে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালগুলোতে বিচারাধীন মামলা ছিল ১ লাখ ৬৬ হাজার ৩৮২টি। ২০১৯ সালের একই সময়ে মামলার সংখ্যা ১ লাখ ৬৪ হাজার ৫৫১টি।

তিনি বলেন, আধুনিক কালে উন্নত বিশ্বে অপরাধ বিজ্ঞান ও উন্নয়ন তত্ত্বের মধ্যে বিপরীতমুখী সম্পর্ক। অর্থাৎ উন্নয়ন বাড়লে অপরাধ কমবে এবং উন্নয়ন কম হলে অপরাধ বাড়বে- এই সম্পর্ক সুপ্রতিষ্ঠিত হলেও বাংলাদেশে উন্নয়ন ও অপরাধ সমানতালে চলছে। তাই যে কোন উপায়ে আমাদের অপরাধ বা অপরাধ প্রবণতা কমাতে হবে। নইলে আমাদের উন্নয়নের মূল উদ্দেশ্যই ব্যাহত হবে।

একবিংশ শতাব্দীর সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য বিচার বিভাগকে আধুনিকীকরণের লক্ষ্যে সরকার ইতোমধ্যেই অনেক পরিকল্পনা গ্রহণ করেছে জানিয়ে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় এসডিজি এবং ভিশন ২০২১ এর লক্ষ্যসমূহ অর্জনের জন্য আইন মন্ত্রণালয় বিচার বিভাগকে সব ধরণের সহযোগিতা প্রদান করে আসছে। আমরা উচ্চ আদালতের মতো অধস্তন আদালতেও একটি স্বাধীন প্রোসিকিউশন সার্ভিস গঠন করার কথা ভাবছি। খুব সহসাই আমরা এ বিষয়ে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার আলোকে পদক্ষেপ গ্রহণ করব। পাশাপাশি প্রসিকিউটরদের ভাতা ও সুযোগ সুবিধা বৃদ্ধির কার্যক্রমও হাতে নেওয়া হয়েছে।

বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি খোন্দকার মূসা খালেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হকও বক্তৃতা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত