নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ ও মানবপাচারের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে রিট

আপডেট : ১৮ জুন ২০১৯, ০১:১৮ এএম

লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে তিউনিসিয়ার উপকূল সংলগ্ন ভূমধ্যসাগরে  নৌকাডুবিতে ৩৭ জন বাংলাদেশি নিহতের ঘটনায় তাদের প্রত্যেকের পরিবারকে  এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদনটি করেন আইনজীবী এমদাদুল হক সুমন।

আবেদনে বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত মানবপাচার সংক্রান্ত ঘটনার তদন্ত চেয়ে ৩০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশনা, প্রতারক ট্রাভেল এজেন্সি ও মানবপাচার চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ২০১২ সালের মানবপাচার দমন আইনে সর্বোচ্চ শাস্তির বিধান নিশ্চিতের নির্দেশনা চাওয়া হয়েছে।

কার্যতালিকায় এলে মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট একটি বেঞ্চে এ সংক্রান্তে শুনানি হতে পারে বলে জানান রিটকারী আইনজীবী।

তিনি আরও জানান, আবেদনে প্রতারক ট্র্যাভেল এজেন্সি ও মানবপাচার চক্রের  সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুলের আর্জি জানানো হয়েছে। স্বরাষ্ট্র সচিব, পররাষ্ট্র সচিব, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব, আইন সচিব, পুলিশের মহাপরিদর্শকসহ সাতজনকে বিবাদী করা হয়েছে।

রিটকারী আইনজীবী এমদাদুল হক সুমন গণমাধ্যমকে জানান, লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে তিউনিসিয়ার উপকূলে ভূমধ্যসাগরে গত ৯ মে ৩৭ বাংলাদেশির মৃত্যু হয়।

এ নিয়ে সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে প্রতারক ট্রাভেল এজেন্সি, ১৫ পাচার চক্র  ও নোয়াখালীর তিন ভাই অবৈধভাবে মানবপাচারের সঙ্গে জড়িত থাকার তথ্য  উঠে আসে। ওই প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিবাদীদের আইনি নোটিশ পাঠানো হয়। নোটিশের জবাব না পাওয়ায় এ রিট আবেদনটি করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত