অনুরাগ বসুর সফলতম ছবি গ্যাংস্টারে নায়ক হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন পাকিস্তানের ক্রিকেটার শোয়েব আখতার। তাকে নিয়ে আরেকটি গুঞ্জন হচ্ছে, বলিউড সুন্দরী সোনালি বেন্দ্রের প্রেমে পড়েছিলেন তিনি।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, শোয়েবের ক্যারিয়ার তখন তুঙ্গে। সেসময়ই প্রথম সারির সংবাদমাধ্যমে প্রচার হয়েছিল যে, এক সময় সোনালি বেন্দ্রের প্রেমে পাগল ছিলেন তিনি।
এই বলিউড নায়িকার প্রেমে এতটাই মজে ছিলেন যে, শোয়েব নাকি একসময় সিদ্ধান্তও নিয়ে ফেলেছিলেন, তার প্রেমের প্রস্তাবে রাজি না হলে তিনি সোনালিকে অপহরণ করবেন।
এমন খবর ভাইরাল হলে সপ্তাহখানেক পরে শোয়েব জানিয়ে দিয়েছিলেন, পুরোটাই মিথ্যা। এমনটা মোটেও ছিল না।
বিশ্বের ব্যাটসম্যানদের একসময়ের ত্রাস নিজের ইউটিউব ভিডিওতে জানান, “বেশ কিছুদিন ধরে এমন খবর শুনছি। সত্যি ঘটনা এবার প্রকাশ্যে আসা দরকার। আমার সঙ্গে কখনো সোনালি বেন্দ্রের সাক্ষাৎ হয়নি। উনি যথেষ্ট সুন্দরী। তবে কখনো ওর ভক্ত ছিলাম না। তবে হ্যাঁ, সোনালির বেশ কিছু সিনেমা দেখেছি।”
এরপরেই অবশ্য রাওয়ালপিন্ডি এক্সপ্রেস জানিয়েছেন, “উনি অসুস্থ হওয়ার পরে মুখে নল দেখলাম। তারপরে অবশ্য তার ফ্যান হয়ে গিয়েছিলাম।”
সংবাদমাধ্যমগুলোতে বলা হয়েছিল, নব্বইয়ের দশকের সাড়া জাগানো অভিনেত্রী সোনালি বেন্দ্রের ‘ইংলিশ বাবু দেশি ম্যাম’ দেখার পরে প্রেমে পড়েন শোয়েব।
সোনালিকে এতটাই পছন্দ করতেন যে তার ছবি সবসময় নিজের ওয়ালেটে রাখতেন তিনি। নিজের ঘরেও নাকি সোনালির পোস্টার লাগানো থাকত।
তবে এমন সংবাদকে মিথ্যা দাবি করে শোয়েব বলেন , “সোনালির সঙ্গে কোনো সম্পর্ক ছিল না আমার। আমার ঘরেও তার কোনো ছবি নেই। ঘরে একমাত্র যার ছবি রয়েছে, তিনি ইমরান খান। এসব খবর পুরোপুরি মিথ্যা।”
তবে, সোনালির ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ের বেশ প্রশংসা করেছিলেন এই পাক স্পিডস্টার। তিনি মনে করেন, সোনালির এই লড়াই অনেকের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে।
