কঙ্গনার বিপরীতে প্রযোজক চেয়েছিলেন শোয়েব আখতারকে

আপডেট : ২১ জুন ২০১৯, ১২:৫৮ পিএম

শোয়েব আখতারের ক্রিকেট মাঠের জনপ্রিয়তাকে বলিউডে কাজে লাগাতে চেয়েছিলেন মহেশ ভাট। অনুরাগ বসু পরিচালিত ‘গ্যাংস্টার’ ছবিতে নাম ভূমিকায় শোয়েবই ছিলেন এই প্রযোজকের প্রথম পছন্দ। যেখানে নায়িকা চরিত্রে অভিনয় করে রাতারাতি পরিচিত পান কঙ্গনা রনৌত।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে জানা যায়, শাইনি আহুজার গ্যাংস্টার চরিত্রে প্রস্তাব দেওয়া হয় শোয়েবকে। কিন্তু তিনি নির্মাতাকে ফিরিয়ে দেন।

শোয়েব সেই সময় ক্যারিয়ারের মধ্যগগনে। শুধু মহেশ ভাট নয়, অনেক প্রযোজক-পরিচালকই তখন তার কাছে ছবির প্রস্তাব নিয়ে যেতেন। কিন্তু খেলাতেই মনোযোগ দিতে চেয়েছিলেন শোয়েব। তাই ‘গ্যাংস্টার’-এর প্রস্তাব ফিরিয়ে দেন।

মহেশ ভাটের ‘গ্যাংস্টার’ ছিল প্রধান তিন অভিনেতা ও পরিচালকের জন্য বড় সুযোগ। কঙ্গনা-শাইনি, ইমরান হাশমি ও অনুরাগ বসু সবাই এর মাধ্যমে শক্ত জায়গা পান বলিউডে।

ওই ছবিই ছিল কঙ্গনার বলিউড জয়ের সূচনা। মডেল থেকে পুরোপুরি নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিলেন ‘গ্যাংস্টার’ দিয়ে। শাইনিও প্রতিষ্ঠা পান। তবে ধর্ষণ মামলার কারণে বেশি দূর এগোতে পারেননি। আর ইমরান হাশমি তো বর্তমানে বলিউডের অন্যতম তারকা। অনুরাগ বসুর কথা আলাদা করে বলার নেই।

এদিকে জল্পনা রয়েছে, খেলা নয় পারিশ্রমিকের জন্যই ছবির প্রস্তাব ফিরিয়ে দেন শোয়েব। ওই চরিত্রের জন্য তাকে যে পরিমাণ টাকা প্রস্তাব করা হয়, তার দ্বিগুণেরও বেশি পারিশ্রমিক আশা করেছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত