সোনাক্ষী সিনহার মামা একটি গ্রামের এক ক্লিনিক চালাতেন। তার মৃত্যুর পর ক্লিনিকের ভার এসে পড়ে সোনাক্ষীর ওপর।
মামার দানপত্র অনুযায়ী, তাকে ছয় মাস চালাতে হবে এই ক্লিনিক। তারপরই সম্পূর্ণ মালিকানা পাবেন সোনাক্ষী। সেই মতো ক্লিনিক চালাতে শুরু করেন ভাগ্নী।
কিন্তু সেই ক্লিনিকে কী করবেন সোনাক্ষী? তিনি যৌনতা বিষয়ে চিকিৎসা দেবেন গ্রামবাসীকে।
ভারতীয় সমাজে 'যৌনতা' শব্দটা চিরকাল 'নিষিদ্ধ'। যৌনতার বিষয়ে খোলাখুলি আলোচনা তো দূরের কথা, 'সেক্স' উচ্চারণও ঘোরতর পাপ। সমাজের সেকেলে চিন্তাধারায় আঘাত হানতে চলেছে সোনাক্ষী সিনহার নতুন ছবি 'খানদানি সাফাখানা'।
সোনাক্ষীর আগামী ছবি 'খানদানি সাফাখানা'-র গল্পের মূলকথাই হল সেক্স নিয়ে সামাজিক ছুৎমার্গ। ইতিমধ্যেই অবমুক্ত হয়েছে ছবির ট্রেলার।
ট্রেলার দেখে বোঝা যাচ্ছে, হাস্যরসের মধ্যে দিয়ে গুরুগম্ভীর 'ব্যধি'কে তুলে ধরেছেন পরিচালক শিল্পী দাশগুপ্তা।
সোনাক্ষী চান মানুষ দ্বিধাহীনভাবে এনিয়ে কথা বলুক। সোনাক্ষীর লড়াইয়ে পাশে পান ভালবাসার মানুষকে। আর ছবিতে গানের সঙ্গে অনেকখানি দৃশ্যজুড়ে রয়েছেন বাদশা।
তার মতো সেলিব্রিটিকে নিয়ে যৌনতার বিষয়ে সচেতনতার লক্ষ্যে প্রচারে নামেন সোনাক্ষী।
তার বিয়েপাগল ভাইও সাহায্য করেন। সোনাক্ষী কি পারবেন সেক্স নিয়ে বদ্ধঘরের পর্দা সরাতে? সেটা জানা যাবে ছবি দেখলে।
২ জুন সোনাক্ষীর জন্মদিনের আগে শেষ হয়েছে 'খানদানি সাফাখানা'-র শ্যুটিং।
ছবির প্রযোজনা করেছেন ভূষণ কুমার, মহাবীর জৈন, মৃঘদীপ সিং লাম্বা, দিব্যা খোসলা কুমার এবং কৃষণ কুমার।
সোনাক্ষী ছাড়াও এই ছবিতে রয়েছেন বরুণ শর্মা ও বাদশা। সোনাক্ষীর ভাইয়ের চরিত্রে অভিনয় করছেন বরুণ শর্মা।
