ঠাকুরগাঁও সদর উপজেলার মোলানী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র মেহেদী হাসান (১৩) নিখোঁজের পাঁচ দিনেও উদ্ধার হয়নি। মোলানী এলাকার দিনমজুর মামুনুর রশিদ ও গৃহিণী মেহেরুনের একমাত্র ছেলে সে। মেহেদী স্থানীয় ছেপড়ীকুড়া হাফেজিয়া মাদ্রাসারও ছাত্র।
নিখোঁজের পর অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে গত ১৯ জুন ঠাকুরগাঁও সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন মেহেদী হাসানের মা মেহেরুন। অভিযোগ সূত্রে জানা যায়, গত ১২ জুন মেহেদী সদর উপজেলার মাদারগঞ্জ এলাকায় তার খালা বাড়িতে যায়। ১৬ জুন বিকেলে বাড়ির উদ্দেশে খালার বাড়ি থেকে বের হয়। কিন্তু সে বাড়ি ফেরেনি। ১৮ জুন দুপুরে নিখোঁজ মেহেদী তার ফুপাতো ভাইয়ের মোবাইল ফোনে কল দিয়ে জানায়, সে খুব বিপদে আছে। তাকে অপরিচিত এক লোক অপহরণ করেছে। তবে তাকে কোথায় নিয়ে গেছে সেটা জানাতে পারেনি মেহেদী। ঠাকুরগাঁও সদর থানার ওসি আশিকুর রহমান বলেন, নিখোঁজ স্কুলছাত্র মেহেদীকে উদ্ধারের চেষ্টা চলছে।
