আওয়ামী লীগ এমপির শ্বশুরের জানাজায় ছাত্রলীগ-শিবির সংঘর্ষ

আপডেট : ২২ জুন ২০১৯, ০৮:১৩ পিএম

এক জামায়াত নেতার জানাজা নিয়ে চট্টগ্রামের প্যারেড মাঠে  ছাত্রলীগ ও ছাত্র শিবিরের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শনিবার বেলা দেড়টা থেকে ২টা পর্যন্ত এ সংঘর্ষে উভয়পক্ষের তিন থেকে চারজন আহত হয়েছেন।

পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে বলে চকবাজার থানার ওসি নিজাম উদ্দিন জানিয়েছেন।

শুক্রবার রাতে নগরীর একটি বেসরকারি হাসপাতালে অসুস্থ অবস্থায় মারা যান জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মুমিনুল হক চৌধুরী। তিনি চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়া আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য ড. আবু রেজা মো. নেজামুদ্দিন নদভীর শ্বশুর।

সেই জামায়াত নেতার জানাজা আয়োজন করা হয় চট্টগ্রাম কলেজ মাঠে শনিবার জোহরের পরে। সেখানে জামায়াত নেতাদের পাশাপাশি ছাত্র শিবিরের কর্মীরাও আসেন। তবে সংসদ সদস্য নদভী শ্বশুরের জানাজায় ছিলেন না।

একাধিক প্রত্যক্ষদর্শী জানান, জানাজা এবং তাতে শিবিরের নেতাকর্মীদের অংশগ্রহণের কথা জানতে পেরে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের কর্মীরা মিছিল নিয়ে ঘটনাস্থলের দিকে এগিয়ে যান। এ সময় জানাজায় থাকা শিবিরের কর্মীরাও এগিয়ে এসে মারামারিতে লিপ্ত হন।

চকবাজার থানার ওসি নিজাম উদ্দিন বলেন, মমিনুল হক চৌধুরীর জানাজায় কিছু ছেলেপেলে মারমুখী হয়ে ওঠে এবং ছাত্রলীগের ছেলেরা এগিয়ে এলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঝখানে অবস্থান নেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত