ধর্মীয় স্বাধীনতা নিয়ে মার্কিন প্রতিবেদন প্রত্যাখ্যান ভারতের

আপডেট : ২৩ জুন ২০১৯, ০৩:১০ পিএম

ভারতে সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতা নিয়ে সাম্প্রতিক মার্কিন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে বিজেপি সরকার। দলীয়ভাবেও এই প্রতিবেদন নাকচ করে দিয়েছে হিন্দুত্ববাদী দলটি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার বলেছেন, ভারতীয় সংবিধান সংখ্যালঘু সম্প্রদায়সহ সবার মৌলিক অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।

‘রিপোর্ট অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম-২০১৮’ শীর্ষক মার্কিন প্রতিবেদনে বলা হয়, ‘গো-রক্ষা’র নামে ভারতে যেভাবে মানুষ মেরে ফেলা হচ্ছে এবং গণপিটুনি ও হুমকির ঘটনা ঘটে চলেছে তা রোধ করতে ব্যর্থ হয়েছে সরকার।

তবে এমন অভিযোগ নাকচ করে দিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বিদেশি সংস্থার এ ধরনের প্রতিবেদনের কোনো বিশ্বাসযোগ্যতা নেই। ভারতে সব সময়ই দেশের নাগরিকদের সাংবিধানিক অধিকারকে অক্ষুণ্ন রাখা হয়েছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, “এ কথা গোটা বিশ্ব জানে যে, ভারতের মতো গণতান্ত্রিক দেশে সব সময়ই ধর্মের অধিকারকে রক্ষা করা হয়। এই দেশ এমন একটি দেশ যেখানে নির্বাচিত গণতান্ত্রিক সরকার জনগণের সাংবিধানিক অধিকারকে রক্ষা করতে কড়া আইনও এনেছে।”

এদিকে শনিবার ক্ষমতাসীন বিজেপির পক্ষ থেকেও এক বিবৃতিতে বলা হয়, “এ দেশে সংখ্যালঘু সম্প্রদায় আক্রান্ত হচ্ছেন একথা সর্বৈব মিথ্যা। এই ধরনের যে কয়েকটি ঘটনা ঘটেছে তা আসলে ওই এলাকার কিছু দুষ্কৃতকারীর কাজ, এর নেপথ্যে কোনো ধর্মীয় মেরুকরণ নেই।”

বিজেপি মুখপাত্র অনিল বালুনি দাবি করেন, ভারতের গণতন্ত্রের ভিত অত্যন্ত শক্ত, এখানে নাগরিকদের যথেষ্ট স্বাধীনতা আছে। এ দেশের বিচারব্যবস্থাও অত্যন্ত স্বচ্ছ। ওই রিপোর্টে এগুলোর কোনো উল্লেখই নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত