হারলেই শেষ। জিতলে কিছুটা হলেও টিকে থাকবে আশা। এমন হিসেব সামনে রেখে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে পাকিস্তান। ক্রিকেটের তীর্থস্থান লর্ডসে এই লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু পায় পাকিস্তান। তবে সেট হয়েও তাদের ব্যাটাররা ফিরছেন নিয়মিত বিরতিতে।
তাই শুরুর অবস্থানটা মাঝ পথে এসে কেমন খেই হারানো মনে হচ্ছে। এই প্রতিবেদন লেখার সময় পাকিস্তানের স্কোর ৩৫ ওভার শেষে ১৮৪/৩। বাবর ৪৯ ও হারিস সোহেল ২৩ রান নিয়ে ব্যাট করছেন।
এদিন উদ্বোধনী জুটিতে ফখর জামান ও ইমাম-উল-হক যোগ করেন ৮১ রান। ৪৪ রান করা ফখরকে ফিরিয়ে জুটি ভাঙেন ইমরান তাহির। এরপর তিনি ফিফটি বঞ্চিত করেছেন ইমামকেও। ৪৪ রান করে তাহিরের বলে কট অ্যান্ড বোল্ট হন ইমাম।
বাবর আজম ও মোহাম্মদ হাফিজ তৃতীয় উইকেটে জমে গিয়েছিলেন। কিন্তু ২০ রান করে আইডেন মারকরামের শিকার হয়েছেন হাফিজ। ফলে বাবরের সঙ্গে তার ৪৫ জুটির অবসান হয়। ১৪৩ রানে ৩ উইকেট হারিয়েছে পাকিস্তান।
কোনো একজনের কাছ থেকে বড় ইনিংসের প্রত্যাশায় এখন পাকিস্তান।
