নরসিংদীর রায়পুরাতে ট্রেনে কাটা পড়ে রাজিব মিয়া (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার মহিষমারা রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাজিব উপজেলার নুরপুর গ্রামের দানা মিয়ার ছেলে ও তুলাতলি মডেল হাই স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।
নরসিংদী রেলওয়ে ফাঁড়ির পুলিশ জানায়, বাইসাইকেল চালিয়ে রেল লাইন পার হওয়ার সময় রাজিব ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের সামনে পড়ে। এ সময় ট্রেন বাইসাইকেলসহ রাজিবকে টেনে প্রায় দেড় কিলোমিটার দূরে মহিষমারা রেলগেট এলাকায় নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই রাজিবের মৃত্যু হয়। পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে স্টেশনে নিয়ে যায়।
নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ ফিরোজ আহম্মেদ বলেন, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
