ভারতের আসামে নাগরিকত্ব তালিকা (এনআরসি) থেকে বাদ পড়ল আরও লক্ষাধিক মানুষ। বুধবার প্রকাশিত এনআরসি’র এই অতিরিক্ত তালিকা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে রাজ্যটিতে।
টাইমস অব ইন্ডিয়া জানায়, নতুন তালিকায় এনআরসি থেকে বাদ দেওয়া হয়েছে এক লাখ দুই হাজার ৪৬২ জনকে।
অথচ গত বছর ৩০ জুলাই প্রকাশিত খসড়ায় তাদের নাম ছিল। অথচ অতিরিক্ত তালিকায় তাদের নাগরিক হিসেবে অস্বীকার করা হয়েছে।
এনআরসি’র রাজ্য কো-অর্ডিনেটর এক বিবৃতিতে জানান, ২০০৩ সালের নাগরিকত্ব নিয়মের ৫ নম্বর ধারা মেনে তালিকা প্রকাশ করা হয়েছে।
২০১৮ সালের ৩০ জুলাই প্রকাশিত তালিকায় ৩ কোটি ২৯ লাখ আবেদনকারীর মধ্যে ২ কোটি ৯০ লাখ মানুষের নাম ছিল। সেই খসড়ায় বাদ পড়েছিল ৪০ লাখ মানুষ।
বাদ পড়া মানুষের মধ্যে আছে ভারতের সাবেক রাষ্ট্রপতির পরিবারের সদস্যও। এ ছাড়া সেনাবাহিনীতে চাকরি করেও নাগরিকত্বের তালিকায় নাম নেই, এমন অভিযোগও উঠেছে। একই পরিবারের কারও নাম আছে আবার কারও নাম নেই এমন ঘটনাও ঘটে।
এনআরসি’র চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ৩১ জুলাই। ক্ষমতাসীন বিজেপি সরকারের বিরুদ্ধে অভিযোগ, আসাম থেমে মুসলিমদের বের করে দিতে এই নাগরিকত্ব তালিকা প্রকাশ করা হচ্ছে।
