অবিরাম বর্ষণ ও ধরলা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের ওয়াপদা বাজার সংলগ্ন পাকা রাস্তাটি ভেঙে গেছে। গতকাল বুধবার সকালে ধরলা নদীর পানির তোড়ে পাকা রাস্তার ৩০ মিটার অংশ ভেঙে যায়। এতে করে লালমনিরহাট শহরের সঙ্গে কুলাঘাট ইউনিয়নের শিবেরকুটি এলাকার চারটি গ্রামের মানুষের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ভেসে গেছে মাছের খামার। ঝুঁকি নিয়ে নৌকায় করে যাতায়াত করতে হচ্ছে ভুক্তভোগীদের।
স্থানীয় লোকজন এবং পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, বুধবার সকালের দিকে ধরলা নদীর পানির তোড়ে দক্ষিণ শিবেরকুটি এলাকার ওয়াপদা বাজার সংলগ্ন পাকা রাস্তাটির কিছু অংশ ভেঙে যায়। গতকাল ধরলার পানি এক দশমিক ৭২ সেন্টিমিটার বৃদ্ধি পাওয়ায় পানির বাড়তি চাপে পাকা রাস্তার ৩০ মিটার অংশ ভেঙে যায়। এতে করে রাস্তার পূর্ব পাশের বোয়ালমারী চর, খারুয়ার চর, বাঁশপচাই, দক্ষিণ শিবেরকুটি গ্রামের ২ থেকে ৪ হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।
এ ব্যাপারে কুলাঘাট ইউনিয়নের চেয়ারম্যান ইদ্রিস আলী জানান, আকস্মিকভাবে পাকা রাস্তা ভেঙে যাওয়ায় মানুষজন বিপাকে পড়েছে। লালমনিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায় জানান, ভেঙে যাওয়া রাস্তা মেরামতের চেষ্টা চলছে।
