গোপালগঞ্জ বিএনপির আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের হিড়িক

আপডেট : ২৯ জুন ২০১৯, ০৮:০৩ পিএম

সদ্য ঘোষিত গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক  কমিটি থেকে নেতাদের পদত্যাগের হিড়িক পড়েছে। ৩৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি থেকে এ পর্যন্ত ১০ জন পদত্যাগ করেছেন।

শনিবার সকাল সাড়ে ১০ টায় সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটির সদস্য এস এম আজিজুল রহমান বেনোর বাসায় সংবাদ সম্মেলন করে ওই কমিটির ৮ নেতা পদত্যাগ করেন।

গত ২২ জুন শরীফ রাফিকুজ্জামানকে আহ্বায়ক ও এম.মুনসুর আলীকে সদস্য সচিব করে বিএনপি’র কেন্দ্রীয় মহাসচিব কর্তৃক অনুমোদনকৃত ৩৭ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এর পরই ওই ঘোষিত আহ্বায়ক কমিটি থেকে নেতা পদত্যাগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, গোপালগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সভাপতি ও সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটির সদস্য শেখ বদরুল আলম নাসিম।

তিনি বলেন, বিএনপি’র শুরু থেকে যারা মাঠের রাজনীতিতে তৃণমূল পর্যায়ে দলকে সংগঠিত করতে নিবেদিতভাবে কাজ করেছেন। সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটিতে তাদের অবমূল্যায়ন করা হয়েছে। এই কারণেই তারা পদ থেকে পদত্যাগ করেছেন।

পদত্যাগকারীরা হলেন, সদ্য বিলুপ্ত জেলা বিএনপি’র সভাপতি ও আহ্বায়ক কমিটির সদস্য এম.সিরাজুল ইসলাম, ৪ নম্বর যুগ্ম-আহ্বায়ক মেজর (অব.) অহিদুল হক ইবুল, সদস্য শেখ বদরুল আলম নাসিম, আজিজুর রহমান, জিয়াউল কবির বিপ্লব, ওমর ফারুক, মো. খাইরুল ইসলাম, অ্যাড. ফরহাদ, মো. হাবিব জান মিয়া।

এর আগে, গত মঙ্গলবার আহ্বায়ক কমিটির যুগ্ম-আহ্বায়ক মনিরুজ্জামান পিনু তার বাসায় সংবাদ সম্মেলন করে পদত্যাগ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত