রাজধানীর হাজারীবাগের নীমতলীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ইয়াসিন (১৬) নামের এক দোকান কর্মচারী নিহত হয়েছে। তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
শনিবার রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১টায় মৃত ঘোষণা করেন।
তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা রাব্বি শিকদার জানান, তিনি ওই এলাকাতেই থাকেন। নিহত ইয়াসিনও নিমতলীতেই থাকতো। এলাকায় একটি চায়ের দোকানে কাজ করে সে।
তিনি আরও বলেন, রাত পৌনে ১১টার দিকে নীমতলী জরিনা সিকদার স্কুলের পাশের রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি ইয়াসিনকে। কারা যেন তাকে ছুরিকাঘাত করে ফেলে গেছে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, নিহত ইয়াসিনের পিঠসহ শরীরের বেশ কয়েকটি জায়গায় ছুরিকাঘাত রয়েছে। লাশ মর্গে রাখা হয়েছে।
