পুরনো বাতিল ব্রা বাঁচাতে পারে কচ্ছপের জীবন। এ কাজে একটি আন্তর্জাতিক পশুপ্রেমী সংস্থা বাতিল ব্রা সংগ্রহ করে থাকে।
ক্যারোলিনা ওয়াটারফাউল রেসকিউ নামে সংস্থাটি সেই ব্রা থেকে নির্দিষ্ট কিছু অংশ তুলে জখম কচ্ছপদের চিকিৎসা করছে।
পদ্ধতিটি ইতিমধ্যে সাফল্যের মুখ দেখেছে। পাশাপাশি, বন্যপ্রাণী উদ্ধারকারী সংস্থার বাতিল ব্রা সংগ্রহের আবেদনে সাড়াও মিলেছে।
জখম ও আক্রান্ত বন্যপ্রাণীদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার সংস্থাটি।
ক্যারোলিনা ওয়াটারফাউল রেসকিউ জানায়, তারা বেশ কিছু জখম কচ্ছপও উদ্ধার করে। কচ্ছপগুলির অধিকাংশই গাড়ি চাপায় মারাত্মক জখম হয়েছে। অনেক কচ্ছপের পিঠের খোলসটি ভেঙে গিয়েছে। কচ্ছপের পিঠের এই শক্ত আবরণ পাঁজর ও মেরুদণ্ডের সংমিশ্রণে তৈরি।
তারা জানায়, প্রায় পঞ্চাশটি হাড় জুড়ে এই খোলস গঠিত। খোলস ছাড়া তাদের বেঁচে থাকা মুশকিল। ভারি যানবাহনের চাপে সেই খোলস ভেঙে গেলে তাদের মৃত্যু অবধারিত। তাই ক্যারোলিনা ওয়াটারফাউল রেসকিউ কর্মীরা কচ্ছপদের ভাঙা খোলস জোড়া দিয়ে থাকে। সেই কাজে ব্যবহার করছে ব্রাসিয়েরের নির্দিষ্ট কিছু অংশ। বক্ষবন্ধনীর হুক ব্যবহার করে মৃত্যুমুখ থেকে ফেরাচ্ছেন কচ্ছপদের।
এ সংস্থার নারীকর্মী কিনান ফ্রেইটাস বলেছেন, মে মাসে মাত্র একসপ্তাহে চল্লিশটির বেশি জখম কচ্ছপ উদ্ধার করেছি আমরা। যানবাহনের নিচে চাপা পড়ে অথবা ঘাসকাটা যন্ত্র ও যন্ত্রচালিত বোটের ধাক্কায় জখম হয় অনেক কচ্ছপ। তাদের অনেকের খোলস ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। খোলস জুড়তেই আমরা ব্রাসিয়েরের ‘আইক্লোজার’ বা হুক ব্যবহার করছি। সে জন্য সোশ্যাল মিডিয়ায় আমরা আর্জি জানিয়েছি, যাতে তারা বাতিল ব্র ফেলে না দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দেন। আমরা সেখান থেকে ব্রা আটকানোর হুক এবং আইক্লোজার (পেছনের জোড়া দেয় যে অংশ) তুলে কচ্ছপের ভাঙা খোলস জোড়ার কাজে ব্যবহার করছি।