ফের হিন্দু শরণার্থীদের পাশে থাকার আশ্বাস দিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আসামে অনুপ্রবেশকারী সকল হিন্দুদের নাগরিকের অধিকার দিতে রাজ্যসভায় বিল পাশ করা হবে বলে তিনি জানান।
সংবাদ প্রতিদিন জানায়, সোমবার রাজ্যসভায় ভারতের ক্ষমতাসীন বিজেপির সভাপতি অমিত শাহ বলেন, “অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে আসামের মতো অন্য রাজ্যেও জাতীয় নাগরিকত্ব তালিকা (এনআরসি) তৈরি করা হবে।”
সেখানে এনআরসি প্রসঙ্গে প্রশ্ন তোলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। তিনি বলেন, “আগামী ৩১ জুলাই আসামে চূড়ান্ত এনআরসি প্রকাশিত হলে প্রায় ২৩ লাখ হিন্দু বাঙালি নাগরিকত্ব হারাতে পারে। সরকার তাদের কথা ভাবছে না।”
এরপর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, “নাগরিকত্ব আইন পাশ করিয়ে আসামের সমস্ত হিন্দু অনুপ্রবেশকারীকে শরণার্থীর আখ্যা দিয়ে নাগরিকের অধিকার দেওয়া হবে। তারপর নতুন করে অন্যত্র এনআরসি করতে নামবে সরকার।”
উল্লেখ্য, চলতি বছরের ৩১ জুলাই আসামে চূড়ান্ত এনআরসি প্রকাশিত হবে। এর মধ্যে খসড়া তালিকা থেকে বাদ পড়েছে ৪১ লাখ মানুষের নাম। যারা অধিকাংশ মূলত মুসলিম জনগোষ্ঠী।
বাদ পড়া মানুষের মধ্যে আছে ভারতের সাবেক রাষ্ট্রপতির পরিবারের সদস্যও। এ ছাড়া সেনাবাহিনীতে চাকরি করেও নাগরিকত্বের তালিকায় নাম নেই, এমন অভিযোগও উঠেছে। একই পরিবারের কারও নাম আছে আবার কারও নাম নেই এমন ঘটনাও ঘটে।
নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন ক্ষমতাসীন বিজেপি সরকারের বিরুদ্ধে অভিযোগ, আসাম থেমে মুসলিমদের উচ্ছেদ করতে এই নাগরিকত্ব তালিকা প্রকাশ করা হচ্ছে।
