ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ অর্থবছরের জন্য ১৩৭ কোটি ১৬ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গত ৩০ জুন এ বাজেট ঘোষণা করা হয়। এই বাজেটের ৯৮ কোটি ২৮ লাখ টাকা শিক্ষক-কর্মকর্তা এবং কর্মচারীদের বেতন-ভাতায় ব্যয় হবে। অন্যদিকে গবেষণার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে মাত্র ৮০ লাখ টাকা।
বিশ্ববিদ্যালয়ের প্রধান হিসাবরক্ষক সিদ্দিক উল্যা জানান, নতুন অর্থবছরের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে ২৪৭ কোটি ৫৪ লাখ টাকার চাহিদা পাঠানো হয়। তারই পরিপ্রেক্ষিতে ১৩৭ কোটি ১৬ লাখ টাকা অনুমোদন দেয় ইউজিসি। এর মধ্যে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের ব্যয় বাবদ বরাদ্দ দেওয়া হয়েছে ৯৮ কোটি ২৮ লাখ টাকা। এ ছাড়া পেনশন ও অবসরকালীন ভাতার জন্য বরাদ্দ রাখা হয়েছে ৯ কোটি ৭০ লাখ টাকা।
গবেষণায় বরাদ্দ কম হওয়ার বিষয়ে অর্থনীতি বিভাগের প্রফেসর আব্দুল মুঈদ দেশ রূপান্তরকে বলেন, ‘শিক্ষা খাতের গুণগত উন্নয়ন নিয়ে কেউ ভাবে না। উচ্চশিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে গবেষণাধর্মী পড়াশোনা করা। কিন্তু ইচ্ছা থাকলেও পরিবেশের অভাবে তা হয়ে ওঠে না। এর মূলে রয়েছে এ খাতে বরাদ্দের পরিমাণ খুবই কম, যা দিয়ে গবেষণা করা সম্ভবপর হয়ে ওঠে না।’
