আইনজীবী স্ত্রীর মামলায় পুলিশ পরিদর্শক স্বামী কারাগারে

আপডেট : ০৩ জুলাই ২০১৯, ০৬:৫৬ পিএম

নারায়ণগঞ্জে আইনজীবী স্ত্রীর মামলায় পুলিশ পরিদর্শক স্বামী আবু নকিবকে কারাগারে প্রেরণ করেছে আদালত।

বুধবার সকালে নারায়ণগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন আদালতে আবু নকিব আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক শাহীন খন্দকার শুনানি শেষে জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

 আদালতের স্পেশাল পিপি রকিব আহমেদ দেশ রূপান্তরকে জানান, জাসমিন আহমেদের সঙ্গে ২০০৭ সালের ১৪ মে পুলিশ পরিদর্শক আবু নকিবের ১০ লাখ এক হাজার টাকা দেনমোহরে বিয়ে হয়। বিয়ের পর থেকেই ৫০ লাখ টাকা যৌতুকের দাবিতে দুই দফায় মারধর করে গুরুতর আহত করে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন। এ ঘটনায় আদালতে একটি মামলা দায়ের করেন। এ মামলায় আবু নকিব উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হলে বিচারিক আদালতে আবু নকিব হাজির হয়ে জামিন আবেদন করেন।

জাসমীন আহমেদ দেশ রূপান্তরকে জানান, যৌতুক না পেয়ে প্রায় সময় আবু নকিব ঘুমের মধ্যে আমার গলা টিপে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যার চেষ্টা করতেন। এসব বিষয়ে প্রতিবাদ করলে কোমরের বেল্ট ও পায়ের বুট জুতা দিয়ে আমাকে মারধর করত। এ ছাড়াও আবু নকিব গোপনে আরো দুটি বিয়ে করেছে। সম্প্রতি আমাকে মারধর করে আবু নকিব পাঁচ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার লুটে নিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত