বিয়ারের বোতলে মহাত্মা গান্ধীর ছবি যুক্ত করে সমালোচনার মুখে পড়েছে ইসরায়েলের একটি কোম্পানি। ইহুদি রাষ্ট্রটির ৭১ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গত মে মাসে এ বিয়ার বাজারে ছেড়েছিল তারা।
ইন্ডিয়া টুডে জানায়, এ ঘটনায় ইসরায়েলে ভারতীয় দূতাবাস উদ্বেগ প্রকাশ করে। পরবর্তীতে ভারত সরকারের প্রতি ক্ষমা চায় মালকা বিয়ার নামে ওই প্রতিষ্ঠানটি।
বুধবার এক বিবৃতিতে কোম্পানিটির ব্রান্ড ম্যানেজার গিলাদ ড্রোর বলেন, “আমাদের প্রোডাক্ট ভারত সরকার ও তার জনগণের অনুভূতিতে আঘাত হানায় আমরা ক্ষমা চাচ্ছি। আমরা মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে তার ছবি আমাদের প্রোডাক্ট থেকে সরিয়ে ফেলছি।”
বাজার থেকেও মহাত্মা গান্ধীর ছবি যুক্ত বিয়ারটিও তুলে ফেলার বিষয়টিও নিশ্চিত করেন তিনি।
গিলাদ বলেন, “মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা রেখেই বরং আমরা তার ছবি ব্যবহার করেছিলাম। কিন্তু এ নিয়ে যখন আপত্তি এসেছে আমরা এমন সিদ্ধান্ত নিয়েছি।”
বিয়ারের বোতলে গান্ধীর ছবি নিয়ে মঙ্গলবার ভারতের লোকসভায় সমালোচনা হয়। সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
