‘জয় শ্রীরাম’ না বলায় এক মাদ্রাসা ছাত্রকে মারধরের অভিযোগ উঠল পশ্চিমবঙ্গের পুরুলিয়ায়। বুধবার বিকেলে উগ্রপন্থী হিন্দু গোষ্ঠীর ৪ যুবক পথ আটকে মারধর করে তাকে।
আনন্দবাজার পত্রিকা জানায়, ১১ বছর বয়সী ওই কিশোরকে পথ আটকে ‘জয় শ্রীরাম’ বলার জন্য চাপ দেওয়া হয়। রাজি না হওয়ায় একপর্যায়ে মাটিতে ফেলে তাকে মারধর করে।
বৃহস্পতিবার তার বাবা নিতুড়িয়া থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্ত করা হচ্ছে বলে জানালেও ঘটনার ২৪ ঘণ্টা পরেও কেউ গ্রেপ্তার হয়নি।
এ ঘটনায় তৃণমূলের জেলা সভাপতি শান্তিরাম মাহাতোর দাবি, ‘‘বিজেপি উগ্র হিন্দুত্বের জিগির তুলে সন্ত্রাস চালাচ্ছে।”
বিজেপির জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তীর পাল্টা দাবি, ‘‘বিজেপির ভাবমূর্তিতে কালি ছিটাতে তৃণমূল এই কাণ্ড ঘটিয়েছে।’’
এর আগে রাজ্যটির কোচবিহারের এক ব্যক্তিকে এবং দক্ষিণ চব্বিশ পরগনার এক মাদ্রাসা শিক্ষককেও ‘জয় শ্রীরাম’ না বলায় হেনস্তা ও মারধরের অভিযোগ ওঠে।
