সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় আমজাদ মন্ডল (৪২) নামের এক তাঁত শ্রমিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার ভোরে এ ঘটনা ঘটে।
আমজাদ মন্ডল ঝাঐল ইউনিয়নের তেঘুড়ি গ্রামের ফজেল মন্ডলের ছেলে।
এ ব্যাপারে নিহতর ছোট ভাই লিটন ও ভাগিনা নাজমুল হাসান বলেন, “জমিজমা সংক্রান্ত পূর্ব শক্রতার জের ধরে দুর্বৃত্তরা আমজাদ মন্ডলকে বাড়ি থেকে ডেকে বাইরে নিয়ে যায়। এরপর ঘাতকরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে সজ্ঞাহীন অবস্থায় ফেরে রেখে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।
এ ব্যাপারে কামারখন্দ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুল ইসলাম বলেন, জমিজমা নিয়ে পূর্ব শক্রতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরেরও প্রস্তুতি চলছে।
