শিকলে বন্দি কিশোরের চিকিৎসার ভার নিলেন ইউএনও

আপডেট : ১২ জুলাই ২০১৯, ১২:১৬ এএম

শিকলে বন্দি কিশোর মুন্নাকে নিয়ে দৈনিক দেশ রূপান্তরে সংবাদ প্রকাশের পর চিকিৎসার দায়িত্ব নিয়েছেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ ডব্লিউ এম রায়হান শাহ। মুন্নার পরিবারের হাতে প্রাথমিকভাবে ১০ হাজার টাকা দিয়ে পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার দুপুরে কিশোর মুন্নাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ইউএনও এ ডব্লিউ এম রায়হান শাহ। তিনি বলেন, স্থানীয় সংবাদকর্মীদের প্রতিবেদনের পর মানসিক ভারসাম্যহীন শিকলে বন্দি কিশোর মুন্না সম্পর্কে অবগত হই। এরপর বাড়ি পরিদর্শন করে মুন্নার বাবা মনসুর আলীর হাতে চিকিৎসার জন্য ১০ হাজার টাকা দিই। মুন্নাকে ইতিমধ্যে পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

মুন্না ১১ বছর ধরে শিকলে বাঁধা জীবন কাটাচ্ছিল। বাড়ি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জাবরহাট গ্রামে। অর্থের অভাবে ছেলের উন্নত চিকিৎসা করাতে পারেনি তার পরিবার। মুন্নার যখন ৭ বছর বয়স, তখন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। চিকিৎসার জন্য সহায়-সম্বল যা ছিল সব বিক্রি করে দেওয়া হয়েছে। কিন্তু আর সুস্থ হয়ে ওঠেনি। মুন্নার বাবা মনসুর আলী জানান, অসচ্ছলতার কারণে ছেলের সঠিক চিকিৎসা করাতে পারেননি। ইউএনওর হস্তক্ষেপে ছেলে চিকিৎসায় ভালো হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত