শপথ নিলেন ইমরান আহমেদ ও ফজিলাতুন্নেসা

আপডেট : ১৩ জুলাই ২০১৯, ০৭:৫৫ পিএম

মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে শপথ নিয়েছেন ইমরান আহমেদ ও ফজিলাতুন্নেছা ইন্দিরা।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাদের শপথ পাঠ করান। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের অন্যান্য মন্ত্রী উপস্থিত ছিলেন। 

ইমরান আহমেদ চৌধুরী বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হিসেবে এবং সংসদ সদস্য ফজিলাতুন্নেছা ইন্দিরা প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন।

ঘোষণা না এলেও সংরক্ষিত আসনের সংসদ সদস্য ইন্দিরা প্রতিমন্ত্রী হিসেবে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন বলে গুঞ্জন রয়েছে। 

প্রধানমন্ত্রী নিজেই এ মন্ত্রণালয়ের দেখভাল করে আসছেন।

এর আগে মে মাসে মন্ত্রিসভায় কিছুটা পরিবর্তন আনা হয়েছিল। দুজন পূর্ণমন্ত্রীর দায়িত্ব কমানো হয়েছিল। একজন প্রতিমন্ত্রীর মন্ত্রণালয় পরিবর্তন করা হয়েছিল। 

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী তাজুল ইসলামকে শুধু স্থানীয় সরকারের মন্ত্রী করা হয়। স্বপন ভট্টাচার্যকে দেওয়া হয় পল্লী উন্নয়ন ও সমবায়। 

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে দায়িত্বরত মন্ত্রী মোস্তফা জব্বারকে শুধু ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত