বাজারে থাকা পাস্তুরিত ও অপাস্তুরিত দুধে মানবদেহের জন্য ক্ষতিকর অ্যান্টিবায়োটিক পাওয়ার ঘটনায় বিএসটিআই কী পদক্ষেপ নিয়েছে তা জানতে চেয়েছেন হাইকোর্ট। রোববার সংস্থাটির আইনজীবীকে এ বিষয়ে জানাতে বলা হয়েছে।
এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী অনীক আর হক। বিএসটিআই'র পক্ষে ছিলেন আইনজীবী সরকার এমন আর হাসান মামুন।
প্রসঙ্গত, বাজারে থাকা বিভিন্ন কোম্পানির প্যাকেটজাত পাস্তুরিত দুধের পরীক্ষা শেষে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের সাবেক ডিন অধ্যাপক আ ব ম ফারুক তার গবেষণালব্দ প্রতিবেদন থেকে জানান, তার পরীক্ষিত ১০ নমুনার ১০টিতেই একাধিক ধরনের অ্যান্টিবায়োটিক পাওয়া গেছে।
এর আগেও তার পরীক্ষায় দুধে মানবদেহের জন্য ক্ষতিকর অ্যান্টিবায়োটিকসহ বিভিন্ন উপাদান পাওয়া যায়।
