ট্রাকের ধাক্কায় পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

আপডেট : ১৫ জুলাই ২০১৯, ০৮:০৮ পিএম

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বিরিশিরি-শ্যামগঞ্জ সড়কের নোয়াপাড়া এলাকায় সোমবার সকালে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় রাকিব (১৪) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে।  

ফায়ার সার্ভিসের ডুবুরি দল মৃত অবস্থায় তাকে উদ্ধার করে। রাকিব একই এলাকার আবদুল খালেক মুন্সীর ছেলে এবং কৃষ্ণচর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাকিব প্রতিদিন দিনের মত সকালে বিদ্যালয় থেকে সহপাঠীদের সাথে বাসায় ফিরছিল। এ সময় নোয়াপাড়া এলাকায় পৌঁছালে দুর্গাপুরগামী বেপরোয়া গতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বিআরটিসি বাসকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে থাকা পথচারী স্কুল ছাত্রকে নিয়ে খালের পানিতে গিয়ে পড়ে যায়।

স্থানীয়রা দ্রুত পানিতে নেমে নিখোঁজ ছাত্রকে খোঁজাখুঁজি করে না পেয়ে পুলিশকে খবর দিলে প্রথমে দুর্গাপুর ফায়ার সার্ভিস ও পরে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল কয়েক ঘন্টার চেষ্টায় দুপুরের দিকে মরদেহটি উদ্ধার করে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত