‘বাজেটের আগের দিন সাংবাদিক ও কাউন্সিলরদের মাধ্যমে সিটি কর্পোরেশনকে অনুরোধ জানিয়েছিলাম, আল্লাহকে খুশি করার জন্য মানুষের নামাজের স্থান করে দেওয়ার জন্য। এর আগে কখনো কোন অনুরোধ সিটি কর্পোরেশনকে করিনি। তারপরও না হওয়াতে আমি দুঃখ প্রকাশ করলাম। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে অনুরোধ করেছিলাম কিন্তু তিনি রাখেননি।’
বুধবার শহরের দুই নম্বর রেল গেইট এলাকায় নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শামীম ওসমান বলেন, ‘আমরা নারায়ণগঞ্জে পরপর দুইবার ঈদের জামাত করেছি। এইবারের জামাতে মানুষ মনে হয় সন্তুষ্ট হয়েছে। একসঙ্গে প্রায় দেড়-দুই লাখ মানুষ নামাজ পড়েছে। যেখানে লাখ লাখ লোক হাত তুলে সেখানে একটা হাত আল্লাহ কবুল করে। এই কাজটা কিন্তু আমার না। এই ঈদগাহ্ নামাজের দায়িত্বটা হচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের। সত্তর-আশি লাখ টাকা খরচ হয়। কিন্তু মানুষ সুন্দরভাবে নামাজ পড়তে পেরেছে।’
সংসদ সদস্য আরো বলেন, ‘আমি অনুরোধটা জানিয়েছিলাম। কিন্তু বাজেটে ঈদগাহের নামাজের ব্যাপারে কিছু বলা হলো না। তাহলে আমি কার কাছে বলবো? জনগণের কাছে বললে বলবে, আমি জনগণকে বিক্ষুব্ধ করছি। আমি জনগণকে বিক্ষুব্ধ করলাম না, কেবল অনুরোধ জানিয়েছিলাম সিটির মেয়রের কাছে। তারপরও না হওয়াতে আমি দুঃখ প্রকাশ করলাম। আল্লাহর কাছে দোয়া করি, তিনি যাতে এই কারণে নারায়ণগঞ্জবাসীর প্রতি নাখোশ না হন। তবে ইনশা আল্লাহ গতবারের মতো এবারো ঈদের জামাত হবে।’
শামীম ওসমান বলেন, ‘ময়লা পরিষ্কার হয় না, রাস্তায় যানজট থাকে এমন নানা সমস্যা আমরা মেনে নেই। কিন্তু একটা জামাত করাতে পারবো না, হিন্দুদের অনুষ্ঠানকে সাপোর্ট করবো না এতো দুর্বল তো আমরা নই। এতো গরীব তো নারায়ণগঞ্জ সিটি না। বিভিন্ন আনপ্রোডাক্টিভ খাতে তো খরচ হচ্ছে। সে খাতের চেয়ে আল্লাহকে খুশি করাটা হচ্ছে বড় খাত।’
নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি এস এম ইকবাল রুমীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাজু আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ্ নিজাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান বাদল, মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান লিটন, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ সভাপতি ও দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি মোবারক হোসেন কমল খান, সাংগঠনিক সম্পাদক ও কালের কণ্ঠের জেলা প্রতিনিধি দিলীপ কুমার মণ্ডল প্রমুখ।
