ঈশ্বরদীতে ভুল চিকিৎসায় দেড় মাস বয়সী এক শিশুমৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার দুপুরে ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে এ ঘটনা ঘটে। ঘটনার পর ওই শিশুর পরিবারসহ স্থানীয় বিক্ষুব্ধ জনতা কমিউনিটি ক্লিনিকের সামনে বিক্ষোভ শুরু করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
মারা যাওয়া শিশু মিসকাত লালপুর উপজেলার এবি ইউনিয়নের পাটিকাবাড়ী খাঁপাড়ার সজীব হোসেনের ছেলে। ওই চিকিৎসকের নাম ইকবাল হোসেন। তিনি সাঁড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। তার অস্ত্রোপচার সঙ্গী আরামবাড়িয়ার জয়ন্ত মেডিকেল হোম নামে ওষুধের দোকানের মালিক জয়ন্ত কুমার।
শিশুটির বাবা সজীব হোসেন ও দাদি জয়গন বেগম জানান, পাঁচ দিন আগে মিসকাতের প্রস্রাবে সমস্যা দেখা দিলে তারা আরামবাড়িয়ার জয়ন্ত মেডিকেল হোমে নিয়ে আসেন। সেখানে ১০০ টাকা ফির বিনিময়ে ওই শিশুর চিকিৎসা দেন ইকবাল হোসেন। মিসকাতের পুরুষাঙ্গে অস্ত্রোপচার করা হবে জানালে তারা গতকাল জয়ন্ত মেডিকেল হোমে আসেন। দুপুরে ইকবাল হোসেন ও জয়ন্ত কুমার ১ হাজার ৫০০ টাকার বিনিময়ে মিসকাতকে সাঁড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে নিয়ে অস্ত্রোপচার করেন। অস্ত্রোপচারের সঙ্গে সঙ্গে শিশু মিসকাত মারা গেলে তারা পালিয়ে যান। তারা অভিযোগ করেন ভুল চিকিৎসায় শিশুটির মৃত্যু হয়েছে।
ঈশ্বরদী থানার ওসি (তদন্ত) অরবিন্দ সরকার জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে সাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার বলেন, সরকারি ছুটির দিনে গোপনে অর্থের লোভে শিশু হত্যার কঠিন বিচার চাই।
সাঁড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবারকল্যাণ কর্মকর্তা আবদুল বাতেন বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ইকবাল হোসেন যে কাজটি করেছেন তা অন্যায়। তার বিরুদ্ধে অবশ্যই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। যোগাযোগ করা হলে পরিবার-পরিকল্পনা পাবনার উপপরিচালক ডা. মাসুদা একরাম বলেন, সরেজমিন তদন্ত শেষে অভিযুক্তের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি কোনোভাবেই ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে কোনো শিশুর অস্ত্রোপচার করতে পারেন না।
অভিযুক্ত অফিসার ইকবাল হোসেনকে বেশ কয়েকবার কল দিয়ে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া গেছে।
