২৬ জুলাই, শুক্রবার বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে মৃত্তিকা গুণ পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘কালো মেঘের ভেলা’। সরকারি অনুদানে নির্মিত ও ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে ইমপ্রেস টেলিফিল্ম-এর পরিবেশনায়।
জানা যায়, শিশুতোষ এই চলচ্চিত্রটি রাজধানীর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স ও যমুনা ব্লকবাস্টারে মুক্তি পাচ্ছে। আর ‘কালো মেঘের ভেলা’য় ভেসে অনেক দিন পর প্রেক্ষাগৃহে হাজির হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। গল্পের কেন্দ্রীয় চরিত্র মা ও ছেলে। যেখানে মায়ের চরিত্রে অভিনয় করেছেন রুনা খান ও ছেলের চরিত্রে অভিনয় করেছেন পিদিম থিয়েটারের আপন।
সম্প্রতি অন্তর্জালে মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। যেখানে প্রশংসিত হয়েছে দুখু নামের এক বালকের গল্প, ছবির কেন্দ্রীয় চরিত্র দুখুর সংলাপ এবং অভিনয়ে মুগ্ধ দর্শক।
ট্রেলারে দেখা যায়, স্টেশনে থাকে দুখু। বয়স খুব বেশি নয়, বড়জোর দশ বছর! টোকাই দুখু। ট্রেনের যাত্রীদের মালামাল বহন করে। কিন্তু এক যাত্রী ব্রিফকেস ও একটি বস্তা নিয়ে দুখুকে ডাকলে সে শুধু যাত্রীর ব্রিফকেসটিই বহন করে সামনে এগিয়ে চলে। বস্তা বহন না করার কারণ জানতে চাইলে যাত্রীকে মুখের ওপর সে বলে দেয়, ‘এই দুখু কোনো দিন বস্তা কান্ধে লয় না, বস্তা কান্ধে লয় গাধারা!’
কবি নির্মলেন্দু গুণের লেখা ও মৃত্তিকা গুণের পরিচালনায় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কালো মেঘের ভেলা’। স্বল্পদৈর্ঘ্যের জন্য সরকারি অনুদান পেলেও বহু খাটাখাটনি করে গল্পটিকে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে রূপ দিয়েছেন মৃত্তিকা গুণ।
ছবির চিত্রনাট্য করেছেন প্রয়াত ফারুক হোসেন। ছবির বেশির ভাগ অংশের শুটিং হয়েছে কবি নির্মলেন্দু গুণের গ্রাম বারহাট্টায়। এ ছাড়া কমলাপুর, পুবাইল, তেজগাঁও বস্তিতেও শুটিং সম্পন্ন করেছেন মৃত্তিকা গুণ।
