চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুরে চাঁদাবাজির অভিযোগে শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি রিজভী আলম রানাসহ দশ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে তাদের আটকের পর বিকেলে শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় ৬০ লাখ টাকা ছিনতাইয়ের মামলা হয়েছে।
বিট খাটালের মালিক ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগ ও চাঁপাইনবাবগঞ্জ পৌর যুবলীগের একটি গ্রুপ মাসুদপুর সীমান্ত ফাঁড়ির বিট খাটালে গিয়ে চাঁদা দাবি করে।
এক পর্যায়ে শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি রিজভী আলম রানা, শিবগঞ্জ উপজেলার পিঠালিতলার ইব্রাহিম (২৫), দাদনচকের ফরহাদ হোসেন রেজা (২২), দুর্লভপুরের কামরুজ্জামান (২২), বাবুপুরের নাইম হোসেন (২৩), চতরার জমিরুল ইসলাম (১৮), বিনোদপুরের জসিম উদ্দীন (২০), একবরপুরের বাবু (২৫) ও হাবিব (২০) এবং চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নিমতলার সোহেল রানা (৩৫) বিট খাটালের ঘরে লাঠি সোঁটা রড ছুরি নিয়ে ঢুকে বিট খাটালের লোকজন মারধর করে। এ ঘটনায় বিট খাটালের সদস্য ফয়সাল ইসলাম ছুরিকাহত হয়।
এসময় স্থানীয় জনগন ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি রিজভী আলম রানাসহ ১০ জনকে আটক করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হামলার সময় স্থানীয় লোকজন ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে এগিয়ে আসলে বেশ কয়েকজন পালিয়ে যায়।
শিবগঞ্জ থানার ওসি সিকদার মশিউর রহমান জানান, বিকেলে বিজিবি সদস্যরা রিজভী আলম রানাসহ ১০ জনকে শিবগঞ্জ থানায় সোপর্দ করেছে। এ ঘটনায় বিট খাটালের মালিক রুবেল হোসেন থানায় লিখিত এজাহার করেছেন। এজাহারে ৬০ লাখ টাকা ছিনতাইয়ের কথা বলা হয়েছে।
