রাজধানীর পল্টন ও তেজগাঁও এলাকা থেকে উদ্ধার হওয়া দুটি বোমা নিষ্ক্রিয় করেছে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট। দুটি বোমাই শক্তিশালী ছিল বলে পুলিশ জানিয়েছে।
মঙ্গলবার রাতে বোমা দুটি পাওয়া যায়। পরে রাতে এবং বুধবার ভোরে বোমা দুটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১১টার পর খামারবাড়ি প্রান্তে ট্রাফিক পুলিশ বক্সের সামনে একটি বোমা পড়ে থাকতে দেখা যায়। পরে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেন।
তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুর রশিদ তালুকদার জানান, খামারবাড়ি থেকে উদ্ধার করা বোমাটি বুধবার ভোর সাড়ে ৪টার দিকে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়।
মঙ্গলবার রাত ১১টার দিকে পল্টন মোড়ে ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে অপর বোমাটি উদ্ধার করে পুলিশ। পরে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হলে বিস্ফোরণ ঘটিয়ে তারা সেটি নিষ্ক্রিয় করেন।
শাহবাগ থানার ওসি আবুল হাসান বলেন, পল্টন মোড়ে ট্রাফিক পুলিশ বক্সের সামনে একটি কার্টনে তার প্যাঁচানো বস্তু দেখতে পেয়ে দায়িত্বরত পুলিশ সদস্যরা সংশ্লিষ্টদের বিষয়টি জানান।
