‘আমার শেষ ওয়ানডে দেখতে এসো’

আপডেট : ২৪ জুলাই ২০১৯, ০৪:৪১ পিএম

দুদিন আগে শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান নির্বাচক অশান্থা ডি মেল জানিয়েছিলেন, ২৬ জুলাই বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ খেলেই ওয়ানডে থেকে অবসরে যাবেন লাসিথ মালিঙ্গা।

চ্যাম্পিয়ন ইয়র্কার বোলার এবার নিজ মুখে জানালেন অবসরের কথা। স্ত্রীর ফেইসবুক পেজে আপ করা এক ভিডিও মেসেজে ভক্ত-সমর্থকদের উদ্দেশে মালিঙ্গা বলেন, ‘ওয়ানডে খেলতে শুক্রবার আমাকে শেষবারের মতো দেখতে পাবে। যদি পারো তো ম্যাচ দেখতে এসো।’ শুক্রবার ওই ম্যাচটি হবে কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে।

ভিডিও বার্তায় মালিঙ্গা জানান, ওয়ানডে থেকে অবসরের একটা সুযোগ করে দিতে তার করা অনুরোধ রেখেছে ক্রিকেট বোর্ড। তবে একই সঙ্গে মালিঙ্গা ইঙ্গিত দিতে ভোলেননি ক্যারিয়ারে তাকে কীভাবে দল থেকে বাদ দিয়েছেন ক্রিকেট কর্তারা। বলেছেন, দুই বছর নির্বাচকরা তাকে দলের বাইরে রেখেছিলেন। কিন্তু বিশ্বকাপে জাতীয় দলে তার অপরিহার্যতার প্রমাণ রেখেছেন তিনি।

সেসব ঘটনা মনে রাখেননি বললেও শ্রীলঙ্কার হয়ে আরও কিছু টি-টুয়েন্টি খেলে যাওয়া, বিশেষ করে ২০২০ বিশ্বকাপে খেলতে চান তিনি, যদি নির্বাচকরা তাকে সুযোগ দেন, ‘আশা করব বিশ্বকাপ খেলার সুযোগ পাব। তবে এটাও বলব যদি আমার চেয়ে ভালো ক্রিকেটার থাকে, তাকে যেন সুযোগ দেওয়া হয়।’ ২০১১ সালে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন মালিঙ্গা।

শ্রীলঙ্কার ক্রিকেটে লাসিথ মালিঙ্গা এমন এক নাম যার জায়গা পূরণ করা অসম্ভব। যেমনটি ছিল মুত্তিয়া মুরালিধরনের বেলায়ও। গ্রেট অফ স্পিনারের যোগ্য উত্তরসূরি এখনো খুঁজে পায়নি শ্রীলঙ্কা। দেশটির ক্রিকেট মালিঙ্গার বিদায়ের পর একই অবস্থার সম্মুখীন হতে যাচ্ছে। তা নিয়ে মহা দুশ্চিন্তায় অধিনায়ক দিমুথ করুনারত্নে। যেভাবে যখন দরকার তখনই উইকেট এনে দেওয়া একজন মালিঙ্গাকে কোথায় পাবেন?

বাংলাদেশের বিপক্ষে পরের দুই ওয়ানডেতে মালিঙ্গার অভাব পূরণের পথচলা শুরু হবে শ্রীলঙ্কার। অধিনায়ক করুনারত্নে স্পষ্ট জানিয়ে দিলেন যা সহজ হবে না মোটেই, ‘সামনের মাসে আমার প্রথম একমাত্র চ্যালেঞ্জ হলো উইকেটটেকার খুঁজে বের করা। যে ইনিংসের যেকোনো সময় দলের জন্য উইকেট এনে দেবে। যেমনটা পারত মালিঙ্গা। অবশ্য তার জায়গায় কাউকে কল্পনা করাও কঠিন। অবশ্যই মালিঙ্গার অভাব পূরণ হওয়ার নয়। বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচ খেলার পরই সে অবসর নিতে যাচ্ছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত