১৯৮২ সালের বিখ্যাত কল্প-বিজ্ঞান সিনেমা ‘ব্লেড রানার’-এর অভিনেতা রজার হাউয়ার আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
রজারের এজেন্টের বরাত দিয়ে বিবিসি জানায়, খুব অল্প দিন রোগে ভুগে নেদারল্যান্ডসে শুক্রবার মারা যান এই অভিনেতা। তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে বুধবার।
‘ব্লেড রানার’ ছবিতে রয় ব্যাটি নামের সিনথেটিক মানুষের চরিত্রে ছিলেন রজার হাউয়ার। রিডলি স্কটের পরিচালনায় মূল চরিত্রে অভিনয় করেন হ্যারিসন ফোর্ড।
ছবির শেষে নায়ক ও ভিলেন মুখোমুখি হয়। সেখানে রজারের দেওয়া সংলাপ আজও মনে রেখেছেন অনেক দর্শক। সংলাপটির শুরুর লাইন ছিল, “আমি এমন অনেক কিছু দেখি যা মানুষ বিশ্বাস করবে না।”
বিশেষ করে হরর ও ভ্যাম্পায়ার চরিত্রে অভিনয়ের জন্য রজার হাউয়ারের পরিচিতি রয়েছে। ‘ড্রাকুলা থ্রিডি’ সিনেমায় ভেন হেলসিং বা মিনি সিরিজ ‘সালেমস লট’-এ ভ্যাম্পায়ার বার্লো চরিত্র মনে রাখার মতো।
১৯৪৪ সালের ২৩ জানুয়ারি নেদারল্যান্ডসের আমস্টারডামের কাছাকাছি একটি স্থানে জন্মগ্রহণ করেন রজার। তারুণ্যে যোগ দেন ডাচ মার্চেন্ট নেভিতে। ১৯৬২ সালে ইস্তফা দিয়ে অভিনয় নিয়ে পড়াশোনা করেন। পরে সেনাবাহিনীতে যোগ দেন। ফিরে এসে আবার যোগ দেন অভিনয়ে।
রজার অসংখ্য সিনেমা ও টিভি সিরিজে অভিনয় করেছেন। চলতি বছরের ডিসেম্বরে প্রচারিতব্য মিনি সিরিজ ‘আ ক্রিসমাস ক্যারল’-এ তাকে দেখা যাবে ভৌতিক চরিত্রে।
সিন সিটি, ব্যাটম্যান বিগেনস সিনেমায় অভিনয় করেছেন রজার হাউয়ার। দেখা গেছে এইচবিও’র ‘ট্রু ব্ল্যাড’ মিনি সিরিজে।
তার প্রয়াণে অনেক অভিনেতা ও নির্মাতা শ্রদ্ধা জানিয়েছেন।
