স্টার সিনেপ্লেক্স যাত্রা শুরু করেছিল ২০০৪ সালে। সে বছরের ৮ অক্টোবর রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে যাত্রা শুরু করে মাল্টিপ্লেক্সটি। হলিউডের ছবির পাশাপাশি সুস্থধারার দেশীয় ছবিও নিয়মিতভাবে প্রদর্শিত হয় এখানে। যার ফলে সিনেমাপ্রেমীদের প্রিয় নাম হয়ে উঠেছে ‘স্টার সিনেপ্লেক্স’। বর্তমানে দুটি শাখা রয়েছে তাদের। বসুন্ধরার পাশাপাশি ঢাকার সীমান্ত স্কয়ারে আরেকটি মাল্টিপ্লেক্স অবস্থিত।
এদিকে আবারও সিনেমাপ্রেমী দর্শকদের জন্য সুসংবাদ নিয়ে এলো ‘স্টার সিনেপ্লেক্স’। বিশেষ করে রাজধানীর গুলশান, বনানী, বাড্ডা, রামপুরাসহ ঢাকা উত্তরের এই এলাকার দর্শকদের জন্য খবরটা বেশ আনন্দের। অনেক দিন থেকে এই এলাকার দর্শকদের চাহিদা ছিল তাদের কাছাকাছি জায়গায় স্টার সিনেপ্লেক্সের একটি হল করা হোক। এতে করে তাদের যাতায়াতের সুবিধা হয়। এবার তাদের সেই চাহিদা পূরণ হতে যাচ্ছে। রাজধানীর মহাখালীতে নবনির্মিত এসকেএস (সেনা কল্যাণ সংস্থা) টাওয়ারে চালু হতে যাচ্ছে ‘স্টার সিনেপ্লেক্স’-এর আরেকটি মাল্টিপ্লেক্স সিনেমা হল। এটি হতে যাচ্ছে প্রতিষ্ঠানটির তৃতীয় শাখা।
স্টার সিনেপ্লেক্সের বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ দেশ রূপান্তরকে বলেন, ‘মহাখালি শাখার কাজ প্রায় শেষের দিকে। আগামী সেপ্টেম্বর মাসেই শাখাটি আমরা উদ্বোধন করতে পারব।’
এর আগে গত বছরের ৩১ অক্টোবর শো-মোশন লিমিটেড এবং এসকেএস টাওয়ার কর্তৃপক্ষের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
আন্তর্জাতিক মানসম্পন্ন নান্দনিক পরিবেশ, সর্বাধুনিক প্রযুক্তিসংবলিত ডলবি সাউন্ড সিস্টেম, সিলভার স্ক্রিনসহ বিশ্বমানের সিনেমা হলের যাবতীয় সুযোগ-সুবিধা নিয়ে নতুন শাখাটি নির্মিত হচ্ছে বলে জানা গেছে।
