সেই দুটি কলার দাম নিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত

আপডেট : ২৬ জুলাই ২০১৯, ০১:০৬ পিএম

চণ্ডীগড়ের এক পাঁচ তারকা হোটেল দুটি কলার জন্য বলিউড অভিনেতা রাহুল বোসকে সাড়ে ৪৪২ রুপি বিল ধরিয়ে দেয়। কয়েক দিন আগে টুইটারে ভিডিও পোস্ট করে বিষয়টি জানিয়েছিলেন রাহুল।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, এই ঘটনা সামনে আসার পর নড়েচড়ে বসলেন চণ্ডীগড়ের ডেপুটি কমিশনার এবং এক্সাইজ অ্যান্ড ট্যাক্সেশন কমিশনার মণদীপ সিং ব্রার। বুধবার এই ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।

মণদীপ বলেন, “অভিনেতার ভিডিও ও বিল দেখার পরই আমি তদন্তের নির্দেশ দিয়েছি। আমি অ্যাসিস্ট্যান্ট এক্সাইজ অ্যান্ড ট্যাক্সেশন কমিশনার (এইটিসি) রাজীব চৌধুরীকে নির্দেশ দিয়েছি ঘটনার খতিয়ে তদন্ত করতে। কী করে ওই হোটেল টাটকা ফলের ওপর এ রকম জিএসটি বসাতে পারে! দোষী প্রমাণিত হলে কড়া পদক্ষেপ নেওয়া হবে।”

এ দিকে জেডব্লিউ ম্যারিয়ট হোটেলের সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে কোনো সাড়া পায়নি সংবাদমাধ্যমটি।

এ বিষয়ে একজন বিশেষজ্ঞ বলেন, টাটকা ফল ও সবজি জিএসটি-র আওতায় প্রদেয় নয়। ফ্রুট প্ল্যাটারে দুটি কলার জন্য এ রকম গলাকাটা জিএসটি নেওয়ার বিষয়টা তদন্ত করে দেখতে হবে। এটা কনজিউমার প্রোটেকশন অ্যাক্টের অধীনে পড়ে। যদি এটা প্রকৃত ফ্র্টু প্ল্যাটারও হয়ে থাকে তাহলে হোটেল কর্তৃপক্ষ পাঁচ শতাংশ জিএসটি নিতে পারে। কিন্তু এ ক্ষেত্রে ১৮ শতাংশ নেওয়া হয়েছে। সেটা ঠিক নয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত