হ্যাজার্ড মেসির কাছাকাছি মানের খেলোয়াড়

আপডেট : ২৮ জুলাই ২০১৯, ১১:৪১ এএম

চেলসি থেকে সম্প্রতি রিয়াল মাদ্রিদে নাম লেখানো এডেন হ্যাজার্ডের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন রিয়াল ও বার্সেলোনার সাবেক তারকা খেলোয়াড় সামুয়েল ইতো। ক্যামেরুনের স্ট্রাইকারের মতে, হ্যাজার্ড সময়ের অন্যতম ফুটবলার আর্জেন্টাইন ফরোয়ার্ড সামুয়েল ইতোর কাছাকাছি মানের খেলোয়াড়।

ইতোর ক্যারিয়ারের শুরুটা হয়েছিল রিয়ালে। এরপর বড় একটা সময় পার করেছেন বার্সেলোনায়। ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত ছিলেন ক্লাবটির অন্যতম সদস্য। সেই সুবাদে মেসির সঙ্গে খেলার অভিজ্ঞতা হয়েছে ইতোর।

বেলজিয়ান ফরোয়ার্ড হ্যাজার্ডের মাঝে পাঁচবার ব্যালন ডি’অর জয়ী মেসির ছায়া দেখছেন ইতো। তার বিশ্বাস, রিয়ালের হয়ে খেলে হ্যাজার্ডও এক সময় ব্যালন ডি’অর জিতবে, “হ্যাজার্ড ব্যালন’অর জিতবেই। তাকে ভাল মূল্যায়ন করা হয়নি। কিন্তু এখন সে বিশ্বের অন্যতম সেরা একটি ক্লাবে। তার ওপর থাকবে সবার চোখ। সে মেসির কাছাকাছি মানের খেলোয়াড়।”

নেইমার প্রসঙ্গে কথা বলেছেন ইতো। সংবাদ মাধ্যমে জোরালো গুঞ্জন, এবারের দল-বদলে পিএসজি থেকে বার্সেলোনায় ফিরে আসতে পারেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। এ ব্যাপারে ইতো বলেন, “সে ফিরলে ভালো হবে। এটা ভবিষ্যতের জন্যও ভালো হবে।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত