রায়গঞ্জে মস্তকবিহীন নারীর লাশ উদ্ধার, এলাকায় আতঙ্ক

আপডেট : ২৮ জুলাই ২০১৯, ০৬:২৯ পিএম

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পৌর এলাকায় অজ্ঞাত এক নারীর (২২) মস্তকবিহীন লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করেছে বলে জানা গেছে।

পৌর এলাকার ধানগড়া বাজারের কাছে ফুলজোড় নদীর ব্রিজের নিচ থেকে রোববার সকালে পুলিশ ভাসমান লাশটি উদ্ধার করে।

এ বিষয়ে রায়গঞ্জ থানার ওসি পঞ্চনন্দ সরকার জানান, স্থানীয়রা ব্রিজের নিচে লাশটি ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে রায়গঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থল থেকে মাথা বিহীন লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরও বলেন, ওই নারীকে দুর্বৃত্তরা অপহরণ করে ধর্ষণের পর বিষয়টি ধামাচাপা দিতে, তার মাথা কেটে শরীর থেকে বিচ্ছিন্ন করে লাশটি সেখানে ফেলে দেয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় রায়গঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

এদিকে, এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে শত শত উৎসুক জনতা নদী পাড়ে এসে ভিড় জমায়। এ সময় ভিড় সামাল দিতে পুলিশকে হিমশিম খেতে হয়। অপরদিকে মাথা কাটা লাশ উদ্ধারে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

রায়গঞ্জ থানার এএসআই ফরহাদ হোসেন জানান, নদীতে অনেক খুঁজেও মাথাটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। মাথাটি উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত