রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং গ্রুপের ২২ সদস্যকে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) আনিসুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।
আনিসুর রহমান দেশ রূপান্তরকে বলেন, মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে কিশোর গ্যাং গ্রুপের ২২ সদস্যকে আটক করা হয়েছে। এরা দীর্ঘদিন ধরে মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় গ্যাং গ্রুপ তৈরি করে নানা ধরনের অপকর্ম চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধেই মাদক সেবন, মাদক বিক্রি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। তারা কেউই পড়ালেখা করে না, এলাকার বখাটে।
আনিসুর রহমান আরও বলেন, ২২ জনের মধ্যে ৮ জন গ্রুপের সক্রিয় সদস্য, যারা খুবই দুর্ধর্ষ। এরা হলোÑ শাকিল, অভিক, ডি কে সানি, জিসান, হৃদয়, নাঈম, মানিক ও মীম। এই আটজনের সবাই গ্যাং গ্রুপ ‘লাড়া দে’ ও ‘লেভেল হাই’-এর সদস্য। তারা এলাকায় আধিপত্য বিস্তারের জন্য বিভিন্ন অপকর্মে নেতৃত্ব দিয়ে আসছিল।
