পাকিস্তানের রাওয়ালপিন্ডি শহরের বেসামরিক এলাকার আবাসিক ভবনের ছাদে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি। নিহতদের মধ্যে পাঁচজন বিমানের ক্রু ও ১৩ জন বেসামরিক লোক।
গত সোমবার স্থানীয় সময় দিবাগত মধ্যরাতে সেনাবাহিনীর দ্য কিং এয়ার ৩৫০ টার্বোপ্রপ প্রশিক্ষণ বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। পাকিস্তান সেনাবাহিনী ও দেশটির জরুরি বিভাগের পক্ষ থেকে প্রাণহানির এ সংখ্যা নিশ্চিত করা হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন বেসামরিক। এর মধ্যে ১২ জনকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
পাকিস্তান সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, প্রশিক্ষণ বিমানটিতে থাকা পাঁচ ক্রুর সবাই নিহত হয়েছেন। তবে বিবৃতিতে দুর্ঘটনার কারণ বা এ সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। যে বাড়ির ছাদে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেখানে নিহত হয়েছেন আরও ১২ জন বেসামরিক।
