সেদিনও দুজনকে একসঙ্গে ঘুরতে দেখা গেছে। সপ্তাহ দুয়েক আগে স্বামীর জন্মদিনে সাহিল সাংঘার ছবি পোস্ট করে দিয়া মির্জা লিখেছিলেন, ‘প্রেশাস ওয়ান’। এর মধ্যে এমন কী ঘটল যে, বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন তারা?
বৃহস্পতিবার সকালে দিয়া এবং সাহিল দুজনে সামাজিক যোগাযোগমাধ্যমে বিবৃতি দিয়ে জানান, তাদের এগারো বছরের সম্পর্ক শেষ করছেন। বিবৃতিতে দিয়া ও সাহিল লিখেছেন, ‘সম্পর্ক শেষ করলেও আমাদের বন্ধুত্ব থাকবে।’
কিন্তু ঠিক কী কারণে তারা বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন, তা স্পষ্ট করেননি।
দিয়া-সাহিলের বিচ্ছেদ নিয়ে বলিউডে ইতিমধ্যে গুঞ্জন শুরু হয়েছে। শোনা যাচ্ছে, ‘জাজমেন্টাল হ্যায় কেয়া’ ছবির চিত্রনাট্যকার কণিকা ধিলোঁর সঙ্গে সম্পর্ক আছে সাহিলের। এক মাস আগে দিয়া সেই সম্পর্কের বিষয়ে জানতে পারেন। তার পর থেকেই দুজনের মধ্যে দূরত্ব।
দীর্ঘ দিন প্রেমের পর ২০১৪ সালে আভাদি রীতিতে বিয়ে করেন দিয়া ও সাহিল।
‘মিস এশিয়া প্যাসিফিক ২০০০’ নির্বাচিত হয়ে ভারতীয় শোবিজে পা রাখেন দিয়া মির্জা। পরের বছর ‘রেহনা হ্যায় তেরে দিল ম্যায়’ ছবির মাধ্যমে বলিউড অভিষেক হয়। তাকে তুমসে নেহি দেখা, দাস, লাগে রাহো মুন্নাভাই, হানিমুন ট্রাভেলস প্রাইভেট লিমিটেড, শুটআউট অ্যাট লোখান্ডেওয়ালা, ক্রেজি ফোর, সাঞ্জু ছবিতে দেখা যায়।
‘জাজমেন্টাল হ্যায় কেয়া’র পরিচালক প্রকাশ কোভেলামুড়ির প্রাক্তন স্ত্রী কণিকা। তাদের সম্পর্কও দুই বছর আগে ভেঙে যায়। বলিউড সূত্রের খবর, প্রায় মাস ছয়েক ধরে সাহিল ও কণিকা ডেট করছেন।
