জোমাটোর মুসলিম ডেলিভারি বয়ের হাত থেকে খাবার নিতে চাননি অমিত শুক্লা নামে এক গ্রাহক। এমন আচরণে তাকে একহাত নিয়েছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।
তসলিমা নাসরিন ও প্রিয়াঙ্কা চোপড়া সম্পর্কে মন্তব্য করে অমিত শুক্লার পুরোনো কিছু টুইটের ভিত্তিতেই তাকে একহাত নেন স্বস্তিকা।
অমিতের ওইসব পুরোনো টুইটে প্রিয়াঙ্কার ‘স্তন এবং নিতম্ব’ নিয়ে আপত্তিকর মন্তব্য করতে দেখা যায়। তসলিমা নাসরিনকে নিয়েও সে একইভাবে টুইটে মন্তব্য করে।
এই প্রসঙ্গ টেনে নিজের টুইটারে স্বস্তিকা বলেন, “এই বিরক্তির অমিত শুক্লা নমো সরকার স্তনে বুঁদ হয়ে থাকে। সে স্তন হিন্দু নাকি মুসলিমের তা নিয়ে তার মাথাব্যথা নেই। কিন্তু যখন খাবার সরবরাহের বিষয় আসে তখন তার হিন্দু ডেলিভারি বয়ের প্রয়োজন হয়। এ ধরনের বিরক্তিকর ব্যক্তিকে সব ধরনের সেবাপ্রাপ্তি থেকে কি নিষিদ্ধ করা উচিত নয়?”
অমিতের কাছে স্বস্তিকার প্রশ্ন, “মহিলাদের স্তন নিয়ে মন্তব্য করার সময় যখন ধর্মের বিচার করেন না, তাহলে এক্ষেত্রে কেন?”
প্রসঙ্গত, মঙ্গলবার মধ্যপ্রদেশের জবলপুরের বাসিন্দা অমিত শুক্লা জোমাটোতে খাবারের অর্ডার দিয়েছিলেন। তাকে খাবার পাঠানোর দায়িত্ব অহিন্দুকে দিয়েছিল জোমাটো।
এরপরই অমিত শুক্লা টুইটারে লেখেন, “হিন্দু রাইডার না দেওয়ায় খাবারের অর্ডার বাতিল করলাম। জোর করে ডেলিভারি দিতে পারেন না। ওরা অস্বীকার করায় রিফান্ডও চাইনি।”
এরপরই ওই গ্রাহককে জোমাটো জানায়, “খাবারের কোনো ধর্ম নেই। এটাই ধর্ম।”
এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। টলি পাড়ায় সাহসী ও ঠোঁটকাটা বলেই পরিচিত অভিনেত্রী স্বস্তিকাও অমিত শুক্লাকে একহাত নিতে ছাড়েননি।
