বরগুনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মো. তাওহীদ নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। তাওহীদ বরগুনা সদর উপজেলার ২নং গৌরিচন্না ইউনিয়নের মধ্য লাকুরতলা গ্রামের প্রবাসী ইসহাক জোমাদ্দারের ছেলে।
মায়ের সঙ্গে এক ডেঙ্গু রোগীকে দেখতে গিয়ে সেখানেই তাওহীদ এ রোগে আক্রান্ত হয় বলে জানা গেছে।
শুক্রবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শনিবার দুপুরে তাকে দাফন করা হয়েছে।
এর আগে ৩০ জুলাই তাওহীদ জ্বরাক্রান্ত হলে তাকে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে তার ডেঙ্গু ধরা পড়লে প্রাথমিক চিকিৎসা দিয়ে ২ আগস্ট তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। ২ আগস্টই চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যু বরণ করেন।
তাওহীদের মা রিতা আক্তার জানান, তাওহীদকে নিয়ে তিনি তার ভাই ডেঙ্গু আক্রান্ত রাজিব হোসেন রায়হানকে দেখতে বরগুনা পৌর শহরের কলেজ রোড এলাকায় যায়। সেখান থেকে ফেরার পরই তাওহীদের জ্বর আসে এরপর তাকে নিয়ে হাসপাতালে গেলে চিকিৎসকরা বলেন তার ডেঙ্গু হয়েছে।
নিহত তাওহীদের ফুপা মো. আলমগীর হোসেন বলেন, তাওহীদকে নিয়ে ২ আগস্ট ১১টার দিকে বরিশাল রওনা হই দেড়টায় সেখানে পৌঁছালে তার চিকিৎসা শুরু করে ডাক্তার। কিন্তু বিকেল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।
বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সোহরাব হোসেন বলেন, আমাদের এখানে শিশুটিকে নিয়ে আসা হয়েছিল, শিশুর অবস্থার অবনতি হওয়ায় তাকে বরিশাল পাঠাই।
এ ঘটনায় বরগুনা জেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া তাসনিম নিহত তাওহীদের বাড়ি পরিদর্শন করেন পরিদর্শন করেন।
বরগুনা জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, এ পর্যন্ত ৪৩ রোগীকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ১৫ জন বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।
