মোদি-নেতানিয়াহুর বন্ধুত্ব: ‘ইয়ে দোস্তি হাম নেহি ছোড়েঙ্গে’

আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ০৫:০০ পিএম

বন্ধু দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

আগস্টের প্রথম রবিবার আন্তর্জাতিক বন্ধু দিবস হিসেবেই স্বীকৃত। জীবনের নানা ক্ষেত্রে বন্ধুদের অবদান আর তাদের প্রতি সম্মান ও ভালোবাসা জানিয়ে এই দিবস পালিত হয়। 

এনডিটিভি জানায়, ভারতে ইসরায়েলের দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যমে দুই বন্ধু রাষ্ট্রনায়কের একটি ছবি সিরিজ পোস্ট করে। সেখানেই মোদিকে বন্ধু দিবসের শুভেচ্ছা জানানো হয় নেতানিয়াহুর পক্ষ থেকে।

ক্যাপশনে জানানো হয়, আমাদের এই বন্ধুত্ব আরও বেশি দৃঢ় হোক। আমাদের পারস্পরিক অংশীদারিত্ব সর্বোচ্চ উচ্চতাকে ছুঁয়ে যাক। শুভ বন্ধু দিবস।

ইসরায়েলের দূতাবাসের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে সেই পোস্টে দেখা যায়, মোদি এবং নেতানিয়াহুর একসঙ্গে কাটানো অনেকগুলো ছবি দিয়ে একটি কোলাজ ।

পরস্পরকে জড়িয়ে ধরা, করমর্দন করা, আড্ডা দেওয়া, সমুদ্রের পাড়ে আনন্দঘন মুহূর্ত কাটানোর এইসব ছবি তাদের দৃঢ় বন্ধুত্বকে প্রকাশ করে।

ছবির কোলাজের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে হিন্দি সিনেমার বন্ধুত্বের নিদর্শনের সবচেয়ে জনপ্রিয় গান, ইয়ে দোস্তি হাম নেহি ছোড়েঙ্গে। শোলে সিনেমায় এই গানের মধ্য দিয়ে অমিতাভ বচ্চন এবং ধর্মেন্দ্রের বন্ধুত্ব কার না জানা আছে।

মোদি এবং নেতানিয়াহুর এই বন্ধুত্বের মধ্যে দিয়ে ইতিহাসের সবচেয়ে দারুণ সম্পর্ক পার করছে ভারত ও ইসরায়েল। ফিলিস্তিন ইস্যুতে জাতিসংঘের ভোটাভুটিতে ইসরায়েলের পাশেই দেখা গেছে ভারতকে।

ভারতের লোকসভা নির্বাচনে মোদিকে নেতানিয়াহুর সমর্থন ছিল অভাবনীয়। একইভাবে ইসরায়েলের পুনর্নির্বাচনেও দেখা গেছে নেতানিয়াহুর পাশে মোদিকে। তেলআবিবে নেতানিয়াহুর নির্বাচনী প্রচারণায় দুই বন্ধুর করমর্দনের ছবির ব্যানারও ঝোলানো হয়।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত