কাশ্মীর ইস্যুতে প্রাপ্তবয়স্কদের সিনেমার উদ্ধৃতি দিয়ে কংগ্রেসের প্রতিবাদ!

আপডেট : ০৬ আগস্ট ২০১৯, ০৪:০৪ পিএম

কাশ্মীরকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল করার সিদ্ধান্তের প্রতিবাদ করতে গিয়ে বেশ বিপাকে পড়েছেন কংগ্রেস নেতা মনীশ তেওয়ারি। প্রাপ্তবয়স্কদের জন্য লেখা রগরগে বই হিসেবে পরিচিতি ইংরেজি ভাষার উপন্যাস ‘ফিফটি শেডস অব গ্রে’ থেকে উদ্ধৃতি দেন তিনি। খবর এনডিটিভির।

আলোচিত ইস্যুটি নিয়ে নিজ দলের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে মনীশ বলেন, ‘একটি ইংরেজি বই আছে। সেখানে সব কিছু লিখিত নয়। ভেতরে কিছু ফিফটি শেডস অব গ্রে আছে।’

ই এল জেমসের লেখা উপন্যাস ‘ফিফটি শেডস’ ২০১১ সালে আলোচনার ঝড় তোলে। এর ট্রিলজি নিয়ে সিনেমা তৈরি শুরু হয় ২০১৫ সালে। প্রথম ছবি ‘ফিফটি শেডস অব গ্রে’ মুক্তি পায় ২০১৫ সালে, ‘ফিফটি শেডস ডার্কার’ মুক্তি পায় ২০১৭-তে ও ‘ফিফটি শেডস ফ্রিড’ মুক্তি পায় ২০১৮ সালে। মার্কিন সেন্সর বোর্ড ছবিটিকে শুধু প্রাপ্তবয়স্কদের দেখার অনুমোদন দিয়েছিল।

মনীশ তার এই বক্তব্য দিয়ে আসলে কী বোঝাতে চেয়েছেন তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল আলোচনা। কয়েকজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘আমাদের নেতারা কী বই পড়েন তা বুঝে নিন।’

মনীশ তেওয়ারি এই কথা বলেছেন মূলত ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ্য করে। কংগ্রেসের এই নেতা নিজের বক্তব্য দেয়ার সময় শুরু থেকে বিজেপির সিদ্ধান্তের বিরোধিতা করছিলেন। ৩৭০ ধারা তুলে দেওয়া সংবিধান বিরোধী বলেও মন্তব্য করেন। তখন তার কাছে পরিষ্কার করে দলের অবস্থান ব্যাখ্যা করতে বলা হয়। তারা এটি সমর্থন করেন কি না, সেটি বলতে বলা হয়।

তখন ওই উদ্ধৃতি দিয়ে মনীশ বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী মনে হয় অন্য কিছু ভাবছেন। আমি কী বলেছি তা তিনি শোনেননি।’

‘আমি তো পরিষ্কার করে বললাম জম্মু এবং কাশ্মীরের অনুমতি ছাড়া ৩৭০ ধারা আপনি তুলে দিতে পারেন না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত