বন্যা কবলিত এলাকার কৃষকদের জন্য কৃষি ঋণ মওকুফের দাবি জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু। তিনি সরকারকে কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছ থেকে শিক্ষা নেওয়ারও আহ্বান জানান।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বন্যা কবলিত জেলা সমূহের ক্ষতিগ্রস্ত কৃষকদের সুদসহ কৃষি ঋণ মওকুফ এর দাবিতে কৃষক দল আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন
দুদু বলেন, আজকে বন্যা কবলিত অসহায় কৃষক ভাইদের সবকিছু ভেসে গেছে। নেই বাড়ি, নেই তার সেই হাল চাষ করা পশুটা। তার খাবার নেই, সে চালের ওপর রাস্তার ওপর আশ্রয় নিয়েছে। শুধুমাত্র দুই, তিন, পাঁচ হাজার টাকার কৃষিঋণের জন্য তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে এবং তাদের বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে।
তিনি বলেন, কৃষকদের ধরা হলেও গত এক মাসে ২৭ হাজার কোটি টাকা শেয়ার মার্কেট থেকে নেই হয়ে গেল কিন্তু একটাও মামলা হয়নি। একজন গ্রেপ্তার হয়েছে বলে কোন জায়গায় দেখি নাই। আমি এ ঘটনার তীব্র প্রতিবাদ করি এবং অনতিবিলম্বে বন্যা কবলিত এলাকার কৃষকদের কৃষি ঋণ মওকুফের দাবি জানাচ্ছি।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু, সহ সাংগঠনিক সম্পাদক আওয়াল খান, কৃষক দলের সদস্যসচিব হাসান জাফরিন তুহিন, সদস্য এস কে সাদি, মাইনুল ইসলাম মিয়া, মো. আনোয়ার, নাসির হাজারি, কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।
