ফরিদপুরে একটি পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে মারা গেছেন এক নির্মাণশ্রমিক। গতকাল মঙ্গলবার দুপুরে শহরের আলীপুর মহল্লায় এ ঘটনা ঘটে।
নিহত ওই নির্মাণ শ্রমিকের নাম মো. শাকিল আলী (২৫)। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদরের সর্জন গ্রামের আব্দুল বক্কার আলীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শহরের আলীপুর মহল্লায় আলাউদ্দিন খাঁ সড়কের ওই ভবনের নির্মাণকাজে নিয়োজিত ছিলেন শ্রমিক শাকিল। ঘটনার সময় তিনি ভবনের ছাদে দাঁড়িয়ে কাজ তদারক করছিলেন। হঠাৎ অসাবধানতাবশত তিনি ছাদ থেকে নিচে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার সাখাওয়াত মোস্তফা বলেন, নির্মাণশ্রমিক শাকিলকে দুপুর ১টার দিকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
