যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষার্থীকে বহিষ্কার

আপডেট : ১০ আগস্ট ২০১৯, ১২:৩৭ এএম

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) চারুকলা স্কুলের (অনুষদ) আওতাধীন প্রিন্টমেকিং ডিসিপ্লিনের (বিভাগ) চতুর্থ বর্ষের শিক্ষার্থী পাপ্পু কুমার ম-লের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় বিশ্ববিদ্যালয় থেকে তাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে খুবির সিন্ডিকেটের ২০২তম জরুরি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান।

খুবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক এসএম আতিয়ার রহমান বলেন, সিন্ডিকেটের জরুরি সভায় পাপ্পু কুমার ম-লের বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটির রিপোর্ট পেশ করা হয়। সভায় তদন্ত কমিটির সুপারিশ পর্যালোচনার পর পাপ্পু কুমার ম-লের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। এ কারণে তাকে বিশ্ববিদ্যালয় থেকে চিরতরে বহিষ্কার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।  

পাপ্পু কুমার ম-ল গত ৩ জুলাই বিশ্ববিদ্যালয়ের বাইরের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের একজন ছাত্রীকে বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়ন করে বলে অভিযোগ ওঠে। এর পর থেকে তিনি ক্যাম্পাসে অনুপস্থিত ছিলেন। গত ১৫ জুলাই পাপ্পু বিশ্ববিদ্যালয় এলে ছাত্ররা তার মুখে কালি লাগিয়ে এবং গলায় জুতার মালা ঝুলিয়ে ক্যাম্পাস থেকে বের করে দেয়। এ সংক্রান্ত অভিযোগ প্রাপ্তির পর বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনার তদন্তে বিশ্ববিদ্যালয় যৌন নিপীড়ন প্রতিরোধ সংক্রান্ত অভিযোগ কমিটিকে দায়িত্ব দেয়। অভিযোগের বিষয়টি তদন্ত শেষে কমিটি গত ৪ আগস্ট রিপোর্ট দাখিল করে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত