স্কুলের প্রিয় শিক্ষকের খোঁজ নিলেন তথ্যমন্ত্রী

আপডেট : ১০ আগস্ট ২০১৯, ০২:১৫ এএম

স্কুলজীবনের প্রিয় শিক্ষক মোহাম্মদ ইসহাকের খোঁজ নিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। চট্টগ্রামের সরকারি মুসলিম হাইস্কুলের ছাত্র ছিলেন তিনি। ১৯৭৮ সালে এই স্কুল থেকে এসএসসি পাস করেন তিনি। তার অশীতিপর শিক্ষাগুরু ১৯৯৪ সালে প্রধান শিক্ষকের পদ থেকে অবসর নেন।

গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে শৈশবের স্মৃতি জড়ানো বিদ্যাপীঠ মুসলিম হাইস্কুলের ইংরেজির শিক্ষক মোহাম্মদ ইসহাককে তার নগরীর বায়েজিদের বাসায় দেখতে যান তথ্যমন্ত্রী। প্রিয় ছাত্রকে পায়ে ধরে সালাম করতে দেখার সঙ্গে সঙ্গে চোখ ভিজে যায় প্রবীণ শিক্ষক মোহাম্মদ ইসহাকের। প্রিয় শিক্ষকের সান্নিধ্যে আবেগাপ্লুত হয়ে পড়েন মন্ত্রীও। ওই সময় একই ব্যাচের শিক্ষার্থী জামাল নাসের চৌধুরী ও এস এম ইলিয়াছ দুলালও তথ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন। 

১৯৬৫ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত মুসলিম হাইস্কুলে শিক্ষকতা করেছেন মোহাম্মদ ইসহাক। সর্বশেষ প্রধান শিক্ষকের দায়িত্ব থেকেই অবসর নেন তিনি। বহুদিন পর কাছে পেয়ে ড. হাছান মাহমুদের কাছে শিক্ষক মোহাম্মদ ইসহাক জানতে চান, ‘তোমার সন্তান কয়জন?’ মন্ত্রী জবাব দেন, ‘আমার এক ছেলে, দুই মেয়ে। ছেলে ষষ্ঠ শ্রেণিতে। মেয়ে একটা এ-লেভেলে পড়ছে।’

প্রিয় শিক্ষকের কাছে তথ্যমন্ত্রী জানতে চান, ‘এখন মুসলিম হাইস্কুলে পড়াশোনার মান কেমন?’ জবাব আসে, ‘খুবই ভালো। প্রথম, দ্বিতীয়, তৃতীয়র মধ্যে থাকেই।’

তথ্যমন্ত্রী জানতে চান, ‘স্যার আগে সাইকেল চালাতেন, এখনো কী চালান?’ জবাবে শিক্ষক বলেন, ‘অনেক দিন ধরে চালাই না।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত